ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপির নেতাকর্মীদের আপদ। আর দেশের জন্য বিপদ। এর (খালেদা জিয়া) হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।

বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ১ নং গেটে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত ২০ দলের হরতাল-অবরোধ বিরোধী মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মায়া বলেন, খালেদা জিয়া উম্মাদ হয়ে গেছে। তার হরতাল-অবরোধ কেউ মানে না। তারপরও হঠাৎ হঠাৎ করে তিনি একটা কর্মসূচি ঘোষণা করেন। তিনি এখন পেট্রোলবোমা, সন্ত্রাসী ও গণতন্ত্রের শত্রুতে পরিণত হয়েছেন। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

তিনি বলেন, বিএনপি নেত্রী ক্ষমতার আশে-পাশে আসতে পারলে দেশ জঙ্গি ও বোমার দেশে পরিণত হবে।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন,‘ক্ষমতা কারো হাতের মোয়া নাকি, চাইবেন দিয়া দিমু। সংবিধান অনুযায়ী ২০১৯ সালে নির্বাচন হবে। জনগণ চাইলে তখন আপনি ক্ষমতায় যাবেন। সংবিধানের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই।’

সংগঠনের সভাপতি আব্দুল হক সবুজের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম মিলন, উপ-দপ্তর সম্পাদক মো: জামাল উদ্দিন প্রমুখ।

এমআর, জেএ