ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে গিয়ে শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন আওয়ামী লীগের নতুন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
আজ রোববার সন্ধ্যার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ভিপি নুরকে দেখতে যান তারা। তাদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।শিক্ষার্থীরা এ সময় তাদেরকে উদ্দেশে ভুয়া ভুয়া শ্লোগান দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে ডাকসু ভিপি নুরসহ আহতদের দেখতে গেলে ঢামেকে আইসিইউর সামনে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আওয়ামী লীগের নতুন পদ পাওয়া এ দুই নেতা। সেখানে ৫ থেকে ১০ মিনিট ছাত্র-ছাত্রীদের সাথে তাদের বাকবিতণ্ডা হয়। ওই সময় তাদের উদ্দেশে শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান দেন।
এক পর্যায়ে সেখান থাকা শিক্ষার্থীরা প্রশ্ন তোলেন যে, যারা মেরেছে (ছাত্রলীগ) তারাই আবার দেখতে এসেছে। প্রথমে তাদেরকে আইসিইউর ভেতর ঢুকতে দেয়া হয়নি। পরে শেষ পর্যন্ত বাধা উপেক্ষা করে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের এ দুই নেতা আইসিইউর ভেতরে ঢোকেন।
নুরুল হক নুরসহ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত কাউকে ছাড়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পদ পাওয়া জাহাঙ্গীর কবীর নানক।
তিনি বলেন, যে দুষ্কৃতিকারীরা হামলার প্রচেষ্টা চালিয়েছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। বলেন, যে মঞ্চের নামেই এ ধরনের ঘটনা ঘটুক না কেন কাউকেই ছাড় দেয়া হবে না।
এ সময় সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে নানক বলেন, শিক্ষার পরিবেশ ধরে রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞা।
উল্লেখ্য, রোববার বেলা পৌনে ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা।
এএস





