মায়ানমারের গৃহহারা ও বিতাড়িত মুসলমানদের জীবন বাঁচাতে, মানবিক বিবেচনায় বাংলাদেশে প্রবেশ করতে দেয়ার আহ্বান জনিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার সকালে রাজধানীর জুরাইনে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এ আহ্বান জানান জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর ফকির। মায়ানমারে মুসলমানদের ওপর পরিচালিত গণহত্যা বন্ধের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী।
সকাল আটটার দিকে জুরাইন চৌরাস্তা থেকে মিছিলটি শুরু হয়ে গেন্ডারিয়া রেল স্টেশনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ।
মিছিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ছাত্রশিবির ঢাকা মাহনগরী দক্ষিণের সভাপতি রিয়াজ উদ্দিন, ঢাকা মহানগরী জামায়াতের মজলিশে শূরা সদস্য আবুল ফতেহ, নিজামুল হক নাঈম, আব্দুর রহিম, শাহজাহান খান।
এছাড়াও উপস্থিত ছিলেন, জমায়াত নেতা মহিউদ্দিন, বোরহান উদ্দিন, আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী। ছাত্রনেতা শাফিউল আলম, আব্দুল হামীদ, কাজী মাসুম, মুজিবুর রহমান মঞ্জু, তারেক নাসরুল্লাহ, নুরুজ্জমান প্রমুখ।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে আব্দুস সবুর ফকির বলেন, মায়ানমারে সেনাবাহিনীর গুলিতে ইতোমধ্যে ৩৫০ জন মুসলমান নিহত হয়েছে। এছাড়া অসংখ্য মুসলমান আহত হয়েছেন। এ নির্যাতন বন্ধ করুন।
তিনি বলেন, মায়ানমারে কিছুদিন পর পর মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে অথচ এ প্রসঙ্গে বিশ্ব নেতাদের তেমন কোন ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না। আমরা দ্রুত বিশ্ব বিবেকদের পদক্ষেপ কামনা করছি।
মায়ানমারে গণহত্যা বন্ধে বাংলাদেশসহ সারা বিশ্বকে এবং মানবাধিকার সংগঠনগুলোকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
উল্লেখ্য, মায়ানমারে মুসলমানদের ওপর পরিচালিত গণহত্যা বন্ধের দাবিতে সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বুধবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে গণহত্যা ও জুলুম-নির্যাতন বন্ধের লক্ষ্যে মহান আল্লাহর কাছে কুনুতে নাজেলা পড়ার জন্য জামায়াতের নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্খি দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
এমই





