স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বরগুনায় রিফাত শরীফ হত্যাকাণ্ডের প্রধান আসামি সাব্বির আহম্মেদ নয়ন বন্ডের ‘বন্দুকযুদ্ধে’ মৃত্যুর কাউকে আড়াল করার চেষ্টা নয়।
আজ (০২ জুলাই) মঙ্গলবার ভোরে বরগুনায় পুলিশের কথিত বন্দুকযুদ্ধে নয়ন বন্ড নিহত হওয়ার পর সকালে ঢাকার সিরডাপ মিলনায়তনে ‘শতবর্ষের পথে বঙ্গবন্ধু ও সম্প্রীতির বাংলাদেশ’শীর্ষক এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি আগেই বলেছিলাম, আমরা সবাইকে ধরে ফেলব এবং ধরার শেষ মুহূর্তে এ (নয়ন বন্ড) শুধু পালিয়ে বেড়াচ্ছিল। আমি যতটুকু শুনেছি, পালিয়ে বেড়াচ্ছিল আর অবস্থান পরিবর্তন করছিল।”
তাকে জীবিত ধরার সুযোগ কি ছিল না? এমন প্রশ্নে তিনি বলেন, “শেষ পর্যন্ত গুলিবিনিময় কেন করতে হয়েছিল, এটা না জেনে আমি বলতে পারব না। নিশ্চয়ই সে (নয়ন) অস্ত্র দেখিয়েছিল অথবা অথবা গুলি.... নিজেকে আড়াল করার জন্য প্রচেষ্টা নিয়েছিল। সেজন্য পুলিশ নিরাপত্তার জন্য এবং পুলিশের নিজেরা নিজেদের জীবন বাঁচানোর জন্য হয়ত এটা (বন্দুকযুদ্ধ) করেছে।”
অন্য আসামিদের ধরার আশ্বাস দিয়ে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “আপনারা নিশ্চিত থাকুন, কারা এর পেছনে ছিল…আপনারা আরও কিছু জানতে পারবেন, আরও কিছু ইনকোয়ারি করে, তদন্ত করে সব আপনারা (সাংবাদিক) জানতে পারবেন।”
উল্লেখ্য, গত ২৬ জুন (বুধবার) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনের সড়কে স্ত্রীর সামনে প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাহ নেয়াজ রিফাত শরীফকে (২৫)। তার স্ত্রী আয়েশা আক্তার মিন্নি হামলাকারীদের সঙ্গে লড়াই করেও তাদের দমাতে পারেননি। একাধারে রিফাতকে কুপিয়ে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে হামলাকারীরা।
গুরুতর আহত রিফাতকে এদিন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে এনিয়ে দেশজুড়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়
এমবি





