যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া তালতলায় অবস্থিত অটবির কোয়ান্টাম পাওয়ার প্লান্টে (১০৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র) চুরি করতে গিয়ে নৈশপ্রহরী আব্দুস সালামকে (৫২) গুলি করেছে দুবৃত্তরা। এতে তার পেটে গুলি লেগেছে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার ভোরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আব্দুস সালাম খুলনা দিঘলিয়া উপজেলার হাজীগ্রামের নসিম উদ্দিনের ছেলে।
বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সিকিউরিটি ইনচার্জ নূরুল ইসলাম জানান, সোমবার ভোরে চার জন দুর্বৃত্ত ভৈরব নদের পাশ দিয়ে ডাকাতি বা চুরির উদ্দেশ্যে পাওয়ার প্লান্টে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় কর্তব্যরত নৈশপ্রহরী আবদুস সালাম বাধা দেয়। দুর্বৃত্তরা তার বাধা উপেক্ষা করে বিদ্যুৎকেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে তিনি এক দুর্বৃত্তকে জাপটে ধরেন। এ সময় অপর এক দুর্বৃত্ত ওই নৈশ প্রহরীকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি আবদুস সালামের পেটের ডান পাশে বিদ্ধ হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় অবস্থা আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একটি গুলির খোসা উদ্ধার করে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘দুর্বৃত্তদের আটকে অভিযান চলছে।’
ইআর





