ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, জিয়া অর্ফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযুক্ত হওয়ায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এটা এতিমের টাকা মেরে খাওয়ার শাস্তি।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত ২০ দলীয় জোটের হরতালে প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
মায়া বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গতকাল (বুধবার) যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তা শুধু মাত্র আইনের প্রক্রিয়া। আমি অবিলম্বে এই পরোয়ানা কার্যকরের জন্য প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি।
মন্ত্রী বলেন, বাংলার মানুষ খালেদার হরতাল-আবরোধ প্রত্যাখ্যান করেছে। তার মুখে চুনকালি মেখে দিয়েছে। লজ্জা থাকলে এখনই এই হাস্য-রসের কর্মসূচি বন্ধ করবেন।
সুশীল সমাজের সমালোচনা করে তিনি বলেন, তাদের মুখোশ এখন খুলে গেছে। এক দিকে তারা টকশোতে সুন্দর-সুন্দর কথা বলে অন্যদিকে মানুষ হত্যার ষড়যন্ত্র করে। তার একমাত্র দৃষ্টান্ত হলো মাহমুদর রহমান মান্না। তথা কথিত এই সুশীলেরা দেশটাকে ধ্বংসের পাঁয়তারা করছে। তাই মান্নার দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সরকারের প্রতি জোড় দাবি জানান মায়া।
ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন প্রমুখ।
এমআর/ এআর





