বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেছেন, ১৯ ফেব্রুয়ারির নির্বাচনে ভরাডুবির পর দ্বিতীয় দফা অর্থাৎ আগামীকালের নির্বাচনের ফল নিজেদের পক্ষে নিতে ভয়াবহ ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ।
বুধবার সন্ধায় দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী আরও বলেন, সরকারদলীয় সন্ত্রাসীরা যে সব উপজেলায় নির্বাচন হচ্ছে সে সব এলাকায় বিএনপি ও ১৯ দলীয় জোটের প্রার্থীর সমর্থকদের হুমকি দিচ্ছে। বিরোধী দলের প্রার্থীর এজেন্টদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সরকারী দল আওয়ামী লীগের অংগ সংগঠনের ভূমিকা পালন করছে। এদের আচরণ সরকারের গুণ্ডা বাহিনীর চেয়েও ভয়াবহ।
সরকারের মন্ত্রীদের নির্বাচনী এলাকাগুলের কেন্দ্রগুলো সবচেয়ে বেশি ঝুকিপূর্ণ বলেও মন্তব্য করে তিনি বলেন মন্ত্রীদের ক্যাড়াররা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কেন্দ্রে না যেতে হুমকি দিচ্ছে।
তিনি বলেন দেশের বিভিন্ন জায়গায় সরকারী দলের তাণ্ডবের বিষয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন কোন পদক্ষেপ নিচ্ছে না।
তিনি ১৯ দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, ভোটাদের নিরাপত্তায় ও সরকারী দলের ভোট কারচুপির কড়া জবাব দিতে প্রথম দফা নির্বাচনের চেয়ে আরও  বেশি সজাগ থাকাতে হবে।
রিজভী বলেন, ১৯ দলীয় জোটের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে ভোট জালিয়াতি, কেন্দ্র দখল, ভোটারদের বাধা দানকারী অপশক্তিকে শক্ত হাতে প্রতিরোধ করবে।
তিনি বলেন, ঝুকিপূর্ণ এলাকাগুলোতে সেনা মোতায়েনের কথা থাকলেও এখন পর্যন্ত নির্বাচন কমিশন সেনা বাহিনী মোতায়েন করেনি। আজ রাতের মধ্যে এসব এলাকায় সেনা মোতায়েনের জন্য নির্বাচন কমিশনের প্রতি জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, দলের সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, নির্বাহী পরিষদ সদস্য বেলাল আহমেদ প্রমুখ।[b]
ঢাকা, এমএইচ, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]