সুন্দরবনের নিকটবর্তী রামপালে কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার দলটির সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান প্রদত্ত এক বিবৃতিতে বলেন,সুন্দরবন সংলগ্ন রামপালে কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ব্যাপারে সরকারের একগুঁয়েমী বাংলাদেশের জন্য আত্মঘাতি প্রমাণিত হবে। দেশের স্বার্থের কথা চিন্তা করে এ অদূরদর্শী পরিকল্পনা অবিলম্বে বন্ধ করা উচিত।

তিনি বলেন,সরকার যখন থেকে ভারতের সহযোগিতায় সুন্দরবনের নিকটবর্তী রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের আত্মঘাতি পরিকল্পনা শুরু করেছে তখন থেকেই বাংলাদেশের পরিবেশ বিজ্ঞানী, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সুশীল সমাজসহ দেশের আপামর জনগণ এবং বিশ্বের পরিবেশ বিজ্ঞানী ও পরিবেশ সংরক্ষণ স্বার্থ সংশ্লিষ্ট সংস্থাগুলো দফায় দফায় তাদের উদ্বেগ প্রকাশ করে এ অদূরদর্শী পরিকল্পনা বন্ধের আহব্বান জানিয়ে আসছে। কিন্তু সরকার জাতীয় স্বার্থ বিরোধী ঐ পরিকল্পনা বাস্তবায়নের জন্য একগুঁয়েমী করেই যাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

বিবৃতিতে আরো উল্লেখ করেন, ভারতের ন্যাশশাল থারমাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি) তার নিজ দেশের মধ্যপ্রদেশে ১৩২০ মেগাওয়াটের একটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রস্তাব দিয়ে প্রত্যাখাত হয়েছে।যেখানে ভারত জনস্বার্থে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়েছে, সেখানে বাংলাদেশের রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার পরিকল্পনা করছে কার স্বার্থে? বলে প্রশ্ন রাখেন তিনি। 

জামায়াতের প্রচার বিভাগ কর্তৃক পাঠানো বিবৃতিতে ডা:শফিকুর বলেন, সুন্দর বন রক্ষার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন ও আন্দোলন কারা করছে তাকে বড় করে না দেখে বাস্তবতার নিরীখে এ দাবিকে আমলে নিয়ে সরকারকে সুন্দরবন সংলগ্ন এলাকায় প্রস্তাবিত কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের এ প্রকল্প থেকে সরে আসার আহবান জানাচ্ছি।

দলটি সুন্দরবন নিয়ে নিজেদের অবস্থান সর্ম্পকে দেশে-বিদেশে যারাই যুক্তি সংগত কর্মসূচি গ্রহণ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার নৈতিক অবস্থান থেকে এ ধরনের কর্মসূচির প্রতি নৈতিক সমর্থন অব্যাহত রাখবে বলে গনমাধ্যমের কাছে পাঠানো বিবৃতিতে উল্লেখ করে। 

নাজিব