বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে দুঃসময়ের কাণ্ডারি ও রাজপথের আপোষহীন নেতা উল্লেখ করে তাকে অবিলম্বে দলের জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভূক্ত করার জন্য দলের চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি দাবি জানিয়েছেন চট্টগ্রামের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
নোমানকে স্থায়ী কমিটির সদস্য না করার প্রতিবাদে শনিবার বিকেলে নগরীর নাসিমন ভবনে চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয় চত্বরে সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
'চট্টগ্রামে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মী'দের ব্যানারে অনুষ্ঠিত সমাবেশে চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন থানা থেকে দলের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশ গ্রহণ করেন।
সমাবেশে বক্তারা খালেদা জিয়াকে উদ্দেশে বলেন, 'বর্তমান স্বৈরাচার বিরোধী আন্দোলন জোরদার ও রাজপথে আন্দোলনে সফলতা অর্জন করতে হলে আবদুল্লাহ আল নোমানকে যথাযথ সম্মান দিয়ে অবিলম্বে দলের জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভূক্ত করতে হবে। তাকে স্থায়ী কমিটির সদস্য করা হলে চট্টগ্রামের নেতাকর্মীরা গণ পদত্যাগের মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।'
বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রমিক বিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও প্রবীণ বিএনপি নেতা অ্যাডভোকেট মো. কবির চৌধুরী।
বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, বিএনপি নেতা এমএ হালিম, এমএ সবুর, কাজী আকবর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. সিদ্দিক আহমেদ চৌধুরী, জেলা বিএনপি নেতা জালাল উদ্দিন আহমদ, অধ্যাপক ইউনুস চৌধুরী, নগর যুবদলের সভাপতি কাজী বেলাল, সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ আলী, এমএ হাশেম রাজু, আহমেদুল আলম রাসেল, বিএনপি নেতা আব্দুল মান্নান, নগর মহানগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজউল্লাহ, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মাইনুদ্দিন শহীদ প্রমুখ।
এসএ





