জাতীয় সংসদ থেকে পদত্যাগ করলেন আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) শেখ ফজলে নূর তাপস।

আজ রোববার দুপুরে তিনি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে তার এই পদত্যাগ।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের মিডিয়া সমন্বয়ক তারেক শিকদার বলেন, কিছুক্ষণ আগে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

স্থানীয় সরকার নির্বাচন আইন অনুযায়ী, নির্বাচিত প্রতিনিধি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারেন না।

এর আগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সংবাদ সম্মেলনে দুই সিটির মেয়র প্রার্থীর পাশাপাশি ১২৯ জন কাউন্সিলর প্রার্থীর নামও ঘোষণা করে ক্ষমতাসীন দলটি।

বিএনপি গতকাল শনিবার দুই সিটিতে দলের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে। ঢাকা উত্তরে বিএনপির মনোনয়ন পেয়েছেন তাবিথ আউয়াল। দক্ষিণে মনোনয়ন পেয়েছেন ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন।