বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করে বলেছেন, নির্বাচন কমিশনসহ স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সরকারই বিতর্কিত ও কুলষিত করেছে।

আজ বৃহস্পতিবার বিকেলে হজ পালন শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের বাইরে মির্জা আব্বাসসহ নেতৃবৃন্দ উপস্থিত হন।

এ সময়ে সাংবাদিকরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুলের বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে চাইলে মির্জা আব্বাস তার জবাব দেন।

তিনি বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান বির্তকিত কারা করছে? এটা তো সরকারই করছে। দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে বির্তকিত ও কুলষিত তারাই করেছে। আমরা বলব, দয়া করে এসব প্রতিষ্ঠানকে আর কুলষিত করবেন না। একে স্বাধীনভাবে চলতে দিন।

নতুন ইসি গঠনে সার্চ কমিটির বিষয় প্রশ্ন করা হলে মির্জা আব্বাস বলেন, সার্চ কমিটি একটি হাস্যকর বিষয়। সার্চ কমিটি যারা করবেন, আগে তাদের সার্চ করা দরকার।

আজই সকালে আওয়ামী লীগের ধানমণ্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন নিয়োগ দেন রাষ্ট্রপতি। উনি সবার সাথে আলাপ করেই সেটা দেন। তিনি যে ইলেকশন কমিশন গঠন করবেন সেটাই হবে সবার কাছে গ্রহণযোগ্য।

আমরা যদি অহেতুক সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ে বিতর্ক করি, তাহলে সভ্যতা থাকবে না, আইন থাকবে না। এই দেশে তাহলে গণতন্ত্র থাকবে?

এমবি