আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, “বিএনপির জনপ্রিয়তা যে কমে গেছে বা জনবিচ্ছিন্ন হয়ে গেছে, তাদের নেতাকর্মীরা যে নির্বাচনে অংশগ্রহণ করে ঘরের মধ্যে ঘুমান, তাদের প্রার্থীরাও যে ঘুমিয়ে থাকেন, সেটি তারা স্বীকার করতে রাজি না। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির একজন কাউন্সিলরও পাস করতে পারেননি। এটি তাদের দুর্বলতা।”
শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি চত্বরে ‘১৪ তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ ২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এইসব কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, “আজকে অনেক জেলায় পৌরসভা নির্বাচন হচ্ছে। আমাদের দেশে স্থানীয় সরকার নির্বাচনে সব সময় ছোটখাটো ঘটনা ঘটে। এবারও বিভিন্ন পর্যায়ে যে নির্বাচন হয়েছে, সেখানেও কয়েকটি ঘটনা ঘটেছে। সার্বিকভাবে নির্বাচন অত্যন্ত সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে হয়েছে এবং হচ্ছে। আওয়ামী লীগের প্রার্থীদের বাইরেও অনেকে নির্বাচিত হতে পারতো। আর বিএনপি একইসঙ্গে ভাঙা রেকর্ড বাজাচ্ছে।”
সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলের দুর্নীতির বিষয়ে সাংবাদিকরা তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “বিএনপি যখন ক্ষমতায় ছিল, বাংলাদেশ দুর্নীতিতে পরপর পাঁচ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। দুর্নীতিতে যারা চ্যাম্পিয়ন, তারা দুর্নীতির কথা বললে মানুষ হাসে। আর পাপুল কি আওয়ামী লীগ করে? সে হলো স্বতন্ত্র থেকে নির্বাচিত সংসদ সদস্য। তার দুর্নীতির দায় কোনোভাবেই আওয়ামী লীগের ওপরে পড়ে না। কুয়েতে তার দুর্নীতি ধরা পড়েছে এবং সেখানে বিচার হয়েছে। দুদক পাপুলের স্ত্রী ও কন্যাকে ডেকেছে।”
চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশ এই উৎসবের আয়োজনে করে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
এমবি





