মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের আইনজীবী অ্যাডভোকেট আসাদ উদ্দিনের মুক্তি দাবি করেছেন জামায়াতের ডিফেন্স টিমের আইনজীবীরা।
আজ (শুক্রবার) গণমাধ্যমে পাঠানো এক প্রেসবার্তায় ডিফেন্স টিমের পক্ষ থেকে এই দাবি জানানো হয়।
প্রেসবার্তায় অভিযোগ করা হয়, আলী আহসান মুহাম্মদ মুজাহিদের মামলায় আপিল বিভাগে রিভিউ শুনানীর কয়েকদিন পূর্বে তার আইনজীবী আসাদ উদ্দিনকে আটক ও আরেক আইনজীবী শিশির মনিরের বাসায় পুলিশি তল্লাশী ডিফেন্স আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার শামিল।
প্রেসবার্তায় আরও বলা হয়, ঢাকা থেকে গ্রামের বাড়ি সিরাজগঞ্জে যাওয়ার পথে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের কড্ডার মোড় থেকে গতকাল(বৃহস্পতিবার-২২/১০/২০১৫) বেলা দুইটার দিকেআইনশৃঙ্খলা বাহিনী আটক করে অ্যাডভোকেট আসাদকে।
এতে বলা হয়, রাজশাহী গামী ন্যাশনাল ট্রাভেলস্ এর একটি গাড়ি (গাড়ি নং- ৮০৩২) থেকে তাকে তুলে নেয়া হয়।আসাদ উদ্দিন এর ছোট ভাই মাহমুদুর রহমান উক্ত পরিবহনের সুপারভাইজার এর সাথে কথা বলে এ তথ্য নিশ্চিত করেছেন।
মাহমুদুর রহমানের বরাত দিয়ে প্রেসবার্তায় আরও জানানো হয়, ডিবি-পুলিশ রাতেই আসাদ উদ্দিনকে সিরাজগঞ্জ থেকে ঢাকায় নিয়ে আসে এবং বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন।
উল্লেখ্য, এর আগে ২০১২ সালের ২৩ অক্টোবর ও ২৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পৃথক আদেশে ডিফেন্স আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান থেকে আইনশৃখলা বাহিনীকে বিরত থাকতে নির্দেশ দেয়া হয়।
প্রেসবার্তায় বলা হয়, সুনির্দিষ্ট কোন অভিযোগ ব্যতীত অ্যাডভোকেট আসাদ উদ্দিনকে আটক করায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডিফেন্স টিমের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং অতিসত্ত্বর তাকে মুক্তি প্রদানের দাবী জানাচ্ছি।
কেবি





