কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে ময়মনসিংহ নগরীর কৃষ্ণচূড়া চত্বরে শেষ মুহূর্তে সমাবেশের অনুষ্ঠিত দিয়েছে।
আজ (২৬ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুরে নগরীর কৃষ্ণচূড়া চত্বরে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।
লিখিত অনুমতি পাওয়ার পর শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ। এর আগে মঞ্চ তৈরি হলেও তা ভেঙ্গে দেয় পুলিশ।
দুপুর ১২টার মধ্যে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত নেতাকর্মীরা সমাবেশ স্থলে উপস্থিত হতে শুরু করেছেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্সের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, স্থানীয় বিএনপির অনড় অবস্থানের কারণে পুলিশ প্রশাসন সকাল পৌনে ১১ টার দিকে সমাবেশের লিখিত অনুমতি দিয়েছে। সাথে ৯টি শর্ত দিয়েছে।
শামসুদ্দিন দিদার জানান, দুপুর ২টায় যথাসময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ কৃষ্ণচূড়া চত্বরে অনুষ্ঠিত হবে। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান সহ কেন্দ্রীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। তবে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত নেতাকর্মীদের বহনকারী যানবাহন পুলিশ আটকে দিচ্ছে বলে তিনি জানান।
সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে উপস্থিত হয়েছেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. আনোয়ারুল হক।
তিনি বলেন, অবৈধ ও দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে দেশবাসী আজ অতীষ্ঠ। আজকের সমাবেশ থেকে তারা অবিলম্বে আওয়ামী লীগ সরকারের পতন ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি জানাবেন। তার মতো শত নেতাকর্মী নিয়ে সমাবেশে জড়ো হচ্ছেন শেরপুর, জামালপুর ও কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা। তবে বিএনপির সমাবেশ ঘিরে ময়মনসিংহ শহরজুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এমবি





