মঙ্গলবার বিকেল ৪টায় রাজধানীর মোহাম্মদপুরে আমিরে মজলিসের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত ‘তৃণমূলের প্রার্থী বাছাই কমিটি’র সভায় তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে জনবান্ধব ও দুর্নীতিমুক্ত করতে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত ব্যক্তিদের নির্বাচনি মাঠে এগিয়ে আসতে হবে। ইসলামপন্থি ও যোগ্য মানুষরা নীরব থাকলে অসৎ ব্যক্তিরা জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পাবে।
তিনি বলেন, ‘আমরা যদি নীরবে বসে থাকি, একজন সৎ মানুষ যদি এগিয়ে না আসেন, তাহলে একজন কমিশনখোর চেয়ারম্যান হওয়ার সুযোগ পাবে। একজন সৎ মানুষ যদি এগিয়ে না আসেন, তাহলে একজন দুর্নীতিবাজ পৌর মেয়র নির্বাচিত হওয়ার সুযোগ পাবে। একজন চাঁদাবাজ সিটি মেয়র হওয়ার সুযোগ পাবে।’
স্থানীয় সরকার নির্বাচনে অর্থশক্তি ও প্রভাবশালী মহলের আধিপত্য কমাতে নির্বাচন কমিশনকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান খেলাফত মজলিসের আমির।
তার অভিযোগ, নির্বাচন কমিশনের উদাসীনতা ও নিষ্ক্রিয়তার কারণে অনেক সময় সৎ, জনদরদি ও গ্রহণযোগ্য প্রার্থীরা যথাযথভাবে নির্বাচনি প্রতিযোগিতায় উঠে আসতে পারেন না। এটিকে নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে ব্যর্থতা বলেও মন্তব্য করেন তিনি।
তবে শুধু নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে না থেকে রাজনৈতিক দল ও ইসলামপন্থি সংগঠনগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান মামুনুল হক।
মামুনুল হক বলেন, জনগণের নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা সমাধানে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। তাই ইউনিয়ন, পৌরসভা ও অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে তৃণমূল থেকেই সাংগঠনিকভাবে কাজ করতে হবে।
তিনি দলের নেতাকর্মীদের ব্যাপকভাবে যোগ্য প্রার্থী বাছাই, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্য ও জনবান্ধব নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য-সচিব মাওলানা হাসান জুনাইদের পরিচালনায় সভায় বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা তোফাজ্জল হোসাইন হোসেন মিয়াজী ও মাওলানা মুফতি শরাফত হোসেন।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলালসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা, নির্বাচন পরিচালনা ও প্রার্থী বাছাই কমিটির সদস্যরা এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশ খেলাফত যুব মজলিস ও খেলাফত ছাত্র মজলিসের নেতারাও অংশ নেন।
এস