[b]ঢাকা:[/b] ফরম বিক্রির প্রথম দিনে দশম জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের ফরম কিনলেন ২১০ জন প্রার্থী। এর মধ্যে জমা পড়েছে মাত্র দু'টি ফরম। বিক্রি হওয়া ২১০টি ফরমের মুল্য ৫২ লাখ ৫০ হাজার টাকা। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে বুধবার সকাল ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধামন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ ফরম বিক্রি শুরু হয়। প্রথম দিনে ফরম কিনেছেন তাহমিনা আকতার, সৈয়দা রুবিনা আকতার মিরা, তারানা হালিম, নাজমা হোসেন বেবী, কাজী রুহিয়া বেগম হাসি, কাজী কানিজ সুলতানা হোসেন, রোজি রহমান প্রমুখ। এই মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম চলবে আগামী ১৭ জানুয়ারি শুক্রবার পর্যন্ত। এবার আওয়ামী লীগের মনোনয়ন ফি নির্ধারণ করা হয়েছে পঁচিশ হাজার টাকা। ৩০০ আসনের বিপরীতে ৫০টি সংরক্ষিত আসন দল বা জোটের অনুকূলে বণ্টন করা হবে। সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে প্রতি আসনের বিপরীতে সংরক্ষিত আসন দাঁড়ায় শূন্য দশমিক ১৬৭টি। এ পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৩৮, জাতীয় পার্টি ৬, স্বতন্ত্র ২ এবং জাসদ ও ওয়ার্কার্স পার্টি ১টি করে সংরক্ষিত আসন পাবে।