জাতীয় পার্টির মহাসচিবকে অবাঞ্চিত ঘোষণা ও কুশপুত্তলিকা দাহ করার অপরাধে পার্টি থেকে বহিষ্কৃত হলেন প্রেসিডিয়াম সদস্য সোলায়মান শেঠ।
আজ (সোমবার) সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গঠনতন্ত্রের ৩৯ ধারা মোতাবেক জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগরের সদ্য বিলুপ্ত আহ্বায়ক সোলায়মান শেঠকে অব্যাহিতপত্র দেন।
এ বিষয়ে সোলায়মান শেঠ সাংবাদিকদের জানান, “আমার হাতে এখনও চেয়ারম্যান স্যারের ঈদের গিফট। বাবলু সকালে স্যারের (এরশাদ) পায়ে ধরেছেন। বলেছেন, ‘স্যার (এরশাদ) সোলায়মান শেঠ আমার কুশপুত্তলিকা দাহ করেছেন। আপনি উনাকে পার্টি থেকে বহিষ্কার করেন। আর যদি না করেন তাহলে হয় উনাকেই রাখেন না হয় আমাকেই রাখেন।’ এরপর স্যার (এরশাদ) আমাকে বলেন, সোলায়মান সরি।”
অব্যাহিতপত্রে এরশাদ বলেন, ‘আপনি সোলায়মান শেঠ। পার্টির প্রেসিডিয়াম সদস্য হয়ে মহাসচিবকে অবাঞ্চিত ঘোষণা করেছেন। তার কুশপত্তলিকা দাহ করেছেন। এটা পার্টির চেয়ারম্যানের এখতিয়ার চ্যালেঞ্জ করার শামিল। তাই আপনাকে পার্টি থেকে অব্যাহতি দেওয়া হলো।’
জাপা সূত্রে জানা গেছে, শুক্রবার সোলায়মান শেঠ চট্টগ্রামের একটি হোটেলে ইফতার পার্টির আয়োজন করেছিলেন। কিন্তু হোটেল কর্তৃপক্ষ শেষ মুহূর্তে ইফতারের বুকিং বাতিল করেন। শোলায়মান শেঠপন্থীদের দাবি জাপার মহাসচিব বাবলুর নির্দেশেই হোটেল কর্তৃপক্ষ বুকিং বাতিল করে। এর প্রতিবাদেই বাবলুকে চট্টগ্রামে অবাঞ্চিত ও কুশপুত্তলিকা দাহ করে জাপার একাংশের কর্মীরা।
ঢাকা,কেএ ২৮ জুলাই, টাইমনিউজবিডি.কম





