বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের নামে প্রশাসনিক কমিটি গঠন করে সরকার দলের নেতাকর্মীদের হয়রানি করছে।

আজ সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নজরুল ইসলাম।

এ সময় নজরুল ইসলাম খান বলেন, ‘দেশব্যাপী জঙ্গিবিরোধী অভিযান পরিচালনার নামে সরকার শুধু আওয়ামী লীগের নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করে প্রশাসনিক কমিটি গঠন করেছে। অথচ জন-আকাঙ্ক্ষা ছিল দল-মত নির্বিশেষে জাতীয় ঐক্য সৃষ্টি করে সবার ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলা করা।

তিনি বলেন, ‘জঙ্গি নির্মূল নয়, বরং জঙ্গিবাদকে হাতিয়ার করে সরকার বিএনপিকে নির্মূল করতে চায়।’

এই বিএনপি নেতা বলেন, ‘প্রশাসনিক কমিটি দিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ করা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন  জাতীয় ঐক্য সৃষ্টি। অবাধ গণতন্ত্র এবং নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচনের মাধ্যমেই কেবল দেশে বিরাজমান সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব।’

ঈদের আগে ও পরে সড়ক, রেল ও নৌপথে ঘরমুখো মানুষের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন নজরুল ইসলাম।

এমবি