তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিজ্ঞাপন প্রচারই সরকারের দূর্বলতার লক্ষণ। তিনি বলেন, সরকারি কোষাগার থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সরকার যে বিজ্ঞাপন প্রচার করছে এতেই প্রমানিত জনগণ এই প্রকল্পের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
বাংলাদেশের জনগণ আজ রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। সরকার যেখানে নতুন কোন সুন্দরবন প্রতিষ্ঠা করতে পারবে না সেখানে সুন্দরবন ধ্বংস করার কোন অধিকার তাদের নেই। রামপাল বিদুৎ কেন্দ্র প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার বিকালে কমরেড নির্মল সেন মিলনায়তনে রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আগামী ২৬ নভেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি সফল করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।
সভায় স্বাগত বক্তব্য রাখেন আরজেএফ’র চেয়ারম্যান এস.এম জহিরুল ইসলাম। এসময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় ৫০ জন গণমাধ্যম কর্মী অংশগ্রহণ করেন।
নাজিব





