নতুন বছরে দেশের মানুষ গণতন্ত্র ফিরে পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাংলা নববর্ষ পয়লা বৈশাখ উপলক্ষে বিএনপির অঙ্গ-সংগঠন জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) বর্ষবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টান দিকে অনুষ্ঠানস্থলে এসে পৌঁছান তিনি। এ সময় মুহুর্মুহু করতালি ও স্লোগানে স্লোগানে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।
দুপুর আড়াইটার দিকে জাসাসের বর্ষবরণের এ অনুষ্ঠান শুরু হয়। জাসাসের শিল্পীরা এতে গান পরিবেশন করেন।
বর্ষবরণের অনুষ্ঠানে বিএনপি শীর্ষ নেতাদের মধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, আবদুল্লাহ আল নোমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এমরান সালেহ প্রিন্স, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সহ-আইন বিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
বর্ষবরণের এই অনুষ্ঠানে নির্দিষ্ট সময়ের আগে থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ে জনস্রোত।
বর্ষবরণ অনুষ্ঠানে জাসাস সভাপতি এম এ মালেক সভাপতিত্ব করছেন এবং অনুষ্ঠান পরিচালনা করবেন জাসাসের সাধারণ সম্পাদক মনির খান।
এসটি





