হিন্দু সম্প্রদায়ের আসন্ন দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণভাবে পূর্ণ নিরাপত্তার সাথে সম্পন্ন হতে পারে সেজন্য প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক-সম্প্রীতির দেশ। এখানে সকলেই যাতে তাদের ধর্মীয় অনুষ্ঠান সুন্দরভাবে পালন করতে পারে তার ব্যবস্থা করা সরকারের সাংবিধানিক দায়িত্ব।
হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজাকে সামনে রেখে কোন চক্রান্তকারী মহল যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে।
এ ব্যাপারে সজাগ এবং সতর্ক থাকা জাতি-ধর্ম নির্বিশেষে সকলের কর্তব্য। বাংলাদেশের সকল সম্প্রদায়ের জনগণ আবহমানকাল থেকে পাশাপাশি সুখ-শান্তিতে বসবাস করে আসছে।
বাংলাদেশের জনগণ ধার্মিক। কিন্তু অসাম্প্রদায়িক। শতশত বছর যাবত চলে আসা আমাদের সাম্প্রদায়িক-সম্প্রীতির ঐতিহ্য রক্ষা করা সরকার এবং দেশবাসীর কর্তব্য।
দুর্গাপূজাকে সামনে রেখে কেউ যাতে অশান্তি সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সরকারেরই দায়িত্ব।
সরকারের পাশাপাশি দেশের সকল সচেতন নাগরিকদেরও এ ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে হবে যাতে কোন স্বার্থান্বেষী মহল কোন ধরনের অঘটন ঘটিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
তাই আসন্ন দুর্গপূজা যাতে হিন্দু সম্প্রদায় শান্তি ও নিরাপত্তার সাথে সম্পন্ন করতে পারে সে জন্য যথাযথ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।
এসএইচ





