সংবিধান মেনে নিয়ে বিএনপিকে নির্বাচনে আসার জন্য আহবান জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, হাইকোর্টের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটি মীমাংসিত। তাই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বক্তব্য আরো স্পষ্ট করতে হবে।
আজ দুপুরে রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমীর এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
তিনি বলেন, খালেদা জিয়া যদি সে দাবি থেকে সরে আসেন তাহলে সে বিষয়টিও স্পষ্ট করতে হবে। আর ক্ষমতা হস্তান্তর নির্বাচনের মাধ্যমেই হবে। বিএনপি সেই নির্বাচনে আসতে চাইলে তাদেরকে সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এছাড়া ছাত্রলীগের নবগঠিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত। নির্বাচন ও ব্যালটের মাধ্যমে যে প্রক্রিয়া শুরু হয়েছে তা গণতন্ত্রের পথকে আরো সমৃদ্ধ করবে বলেও মন্তব্য করেন তিনি।
সুরঞ্জিত বলেন, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অভিনব ভাবে নির্বাচিত হয়েছে। এই প্রক্রিয়ায় নেতৃত্ব নির্ধারণ গনতন্ত্রকে আরো সমৃদ্ধ করবে। সকল ছাত্র সংগঠনের মধ্যে এই প্রক্রিয়া নিয়ে আসার জন্যও আহবান জানান আওয়ামী লীগের এই প্রবীণ নেতা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৭ আসনের সাংসদ হাজী মো: সেলিম, সাম্যবাধী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, সংগঠনের মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।
ইআর





