ফেনীর পরশুরামে যুবলীগের দুই কর্মী চিথলিয়া ইউনিয়ন যুবলীগের কর্মী সাহাবউদ্দিন (২৮) ও মাহবুবুল হক (২৫) কে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।

শুক্রবার দুপুরে উপজেলার চিথলিয়া ইউনিয়নে চৌমুড়ী রাস্তার মাথায় এ সন্ত্রাসী ঘটনা ঘটে।

আহত সাহাবউদ্দিন পেশায় একজন ব্যবসায়ী। রাজশপুর বাজারে তার একটি ওয়ার্কশপ রয়েছে। তাদের ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, কবির ও নবীসহ ৮/১০ জন সন্ত্রাসী যুবলীগ কর্মী সাহাবউদ্দিন ও মাহবুবুল হকের কাছে চাঁদা দাবি করে আসছে।

চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে শুক্রবার দুপুরে চৌমুড়ী রাস্তার মাথা থেকে তাদের সিএনজি চালিত ট্যাক্সিতে করে ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা।

এসময় এলোপাতাড়ি কুপিয়ে নগদ এক লাখ ৫০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দূর্গাপুর এলাকায় তাদের ফেলে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

অবস্থা গুরুতর হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাদের ফেনী আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করেন।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল করিম নিহাদ জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঢাকা, ১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর