রাজনীতির নামে অগ্নিসন্ত্রাস সৃষ্টির শত্রুদের নিশ্চিহ্ন নয়, আওয়ামী লীগ তাদের রাজনৈতিভাবে পরাজিত করে নির্বাসনে পাঠানোর সংগ্রাম করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

রোববার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের উদ্যোগে ‘‘বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস বর্বরতার ১০০ দিন”-এর নির্যাতনের চিত্রসংবলিত অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। 

নির্বাচন ইস্যুতে বিএনপি-জামায়াত জোটের অগ্নিসন্ত্রাসের বিভিন্ন চিত্র তুলে ধরে প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের চেয়ারম্যান এইচ টি ইমাম বলেন, ‘২০১৩’ তে এসে যে তান্ডব শুরু করলো। এরকম তান্ডব আমরা কখনো দেখিনি, কখনো চিন্তাও করতে পারিনি।’

‘সেসময় ‘রক্তাক্ত বাংলাদেশ’ অ্যালবাম বের করেছিলাম। প্রথমে বাংলায় ছিল। পরবর্তীতে ইংরেজিও বের করেছিলাম। এটি দেশে-বিদেশে ব্যাপক সমাদৃত হয়েছে। ইউরোপ-আমেরিকায় সবাই দেখেছে। দেখে তারা বলেছে, মানুষ এই রকম নির্মম নৃশংস হতে পারে।’

তিনি বলেন, ‘এখন সন্ত্রাসের ওপরে ফটো অ্যালবাম বের করছি। এটিই আমাদের শেষ নয়।’ আরো চলতে থাকবে বলেও দাবি করেন তিনি।

শত্রুকে পরাজিত করার ক্ষেত্রে ‘নিশ্চিহ্ন’ শব্দটি ব্যবহার করবো না এমন দাবি করে এইচ টি ইমাম বলেন, ‘যতদিন পর্যন্ত এই নির্র্মম শত্রুকে সম্পূর্র্ণরূপে পরাজিত করে রাজনৈতিক নির্বাসনে না দেওয়া যায় ততদিন পর্যন্ত আমাদের এ সংগ্রাম চলবে। এরা (অগ্নিসন্ত্রাসী) জনগণের সামনে কোনদিন টিকবে না। জনগণকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে চলেছি। এগিয়ে যাবো।’

নির্ধারিত সময়ের চেয়ে প্রায় এক ঘণ্টা দেরিতে অনুষ্ঠানে উপস্থিতি হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, আজকেই প্রধানমন্ত্রীর কার্যালয় শাপলাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানটি হল বার্ষিক কর্মসূচি সম্পাদনের চুক্তি সম্পাদিত। প্রত্যেকটি মন্ত্রণালয়ের পক্ষে সচিবগণ অঙ্গিকারনামায় সই করেছেন। প্রত্যেকটি মন্ত্রণালয়ে যে বার্ষিক কর্র্মসূচি দেওয়া হয়েছে; তা সম্পূর্র্ণভাবে বাস্তবায়ন করবেন বলে অঙ্গিকারনামায় সই করেছেন তারা।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং উপ-পরিষদের সদস্য সচিব ড. হাছান মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দী। এ ছাড়াও প্রচার ও প্রকাশনা উপ-পরিষদ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আশরাফ সিদ্দিকী বিটু, সৈয়দ আবদুল আউয়াল শামীম প্রমুখ।

এএইচ