বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি প্রদান উপলক্ষে আয়োজিত সমাবেশ ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিকদের মিলনমেলায় পরিণত হয়েছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান।
শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হলেও দুপুর ১টার মধ্যেই সমাবেশস্থল পরিপূর্ণ হয়ে উঠেছে। এখনও সোহরাওয়ার্দী উদ্যানকে ঘিরে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক মিছিল আসছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরই মধ্যে সমাবেশস্থলে গিয়ে তিনি পৌছেছেন
ভিন্ন আঙ্গিকের এ সমাবেশের মাধ্যমে দীর্ঘদিন পর তিনি প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখতে যাচ্ছেন। আজ জাতির উদ্দেশে দিকনির্দেশনামূলক বার্তা দেবেন বঙ্গবন্ধুকন্যা।
এদিকে এ সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, মৎস্যভবন, হাইকোর্ট ও প্রেসক্লাব এলাকা জুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
নাগরিক কমিটি আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করছেন জাতীয় এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, পরিচালনা করবেন নাট্যজন রামেন্দু মজুমদার ও শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর মেয়ে ডা. নুজহাত চৌধুরী।
শিল্পকলা একাডেমির শিল্পীদের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়েছে। এ রিপোর্ট লেখার সময় পবিত্র ধর্মগ্রন্থ পাঠ শেষে কবি নির্মলেন্দু গুণ নিজের লেখা ‘স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো’ শীর্ষক কবিতা আবৃত্তি করছেন। এরপর বরেণ্য বুদ্ধিজীবীরা বক্তব্য দেবেন।
নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম, কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, সমকাল সম্পাদক গোলাম সারওয়ারও এ সমাবেশে বক্তব্য দেবেন।
সমাবেশে শুভেচ্ছা বক্তব্য দেবেন ইউনেস্কোর কান্ট্রি ডিরেক্টর বিট্রিস কালদুল এবং ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
জেড





