দেশের চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে দাবি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
বুধবার বিকালে দলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে দলটির উপদেষ্টা পরিষদের সদস্য এইচটি ইমাম এ দাবি করেন। প্রধানমন্ত্রীর ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এইচটি ইমাম বলেন, সারাদেশে শান্তিপূর্ণ ভোট হয়েছে। মানুষ স্বত:স্ফূর্তভাবে ভোট দিয়েছে। আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকে নির্যাতনের শিকার হয়ে আসছে, তা সত্বেও গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকারে জন্য কাজ করে যাচ্ছে।
উপজেলা নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনকে আমরা যে পরামর্শ দিয়েছি তা শোনেনি বিএনপির এমন অভিযোগের ভিত্তিতে তিনি বলেন, এমন কোন কথা আছে না কী যে বিএনপি বা অন্য কোন দল যা পরামর্শ দেবে তা নির্বাচন কমিশনকে মানতে হবে? নির্বাচন কমিশন কারো পরামর্শ মানতে পারেন নাও মানতে পারেন। এটি তাদের বিষয়।
তিনি বলেন, সব নির্বাচনেই কিছু ছোটখাটো ঘটনা ঘটে। এ নির্বাচনেও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে এটা তেমন কিছু নয়। প্রথম পর্যায়ের নির্বাচনে আমাদের কিছু ভুল-ত্রুটি থাকলেও আগামী নির্বাচনে তা হবে না।
তিনি আরও বলেন, মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা ৫০ জন পর্যবেক্ষক নিয়ে রাজশাহী সফরে গিয়েছে। তারা বলেছে নির্বাচনের পরিবেশে তারা সন্তুষ্ট।  
এইচ টি ইমাম বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। দেশের প্রত্যেকটি অঞ্চলে জনগণ স্বত:স্ফূর্তভাবে ভোট দিয়েছে। সব চেয়ে লক্ষ্যণীয় বিষয় উৎসবমুখর ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ প্রমুখ।
আজ সকাল ৮টা থেকে শুরু হওয়া দেশের ৯৭টি উপজেলায় ভোট গ্রহণ বিকাল ৪টায় শেষ হয়েছে। এসব উপজেলার মধ্যে ছয়টি উপজেলায় বিএনপি, আওয়ামী লীগ ও বিএনপি’র বিদ্রোহী প্রার্থীরা জাল ভোট, ব্যালটবাক্স ছিনতাই ও কেন্দ্র দখলের অভিযোগে নির্বাচন বর্জন করেছে।
উপজেলাগুলোতে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১ হাজার ২৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪২৯ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৫০৫ জন ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৩২৫ জন।
[b]ঢাকা, এমআর, ১৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]