রমজান মাসে সমুদ্র বিজয় আল্লাহর রহমত। আল্লাহর অশেষ মেহেরবান দক্ষিণতালপট্টি আর নেই। পানির নিচে বিলীন হয়ে গেছে। এখান থেকে আমরা সম্পদ আহরণ করবো, দেশকে সম্পৃদ্ধ করবো বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার গুলশানের একটি হোটেলে রাজনীতিবিদ ও কূটনীতিকদের সম্মানে জাতীয় পার্টির ইফতারে তিনি এ সব কথা বলেন। তবে ইফতারে উপস্থিত ছিলেন না বিরোধী দলের নেতা রওশন এরশাদ।

ইফতার পার্টিতে আওয়ামী লীগের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খোন্দকার মোশাররফ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া, চিফ হুইফ আ স ম ফিরোজ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ।

ইফতার মাহফিলে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) মান্নান উপস্থিত থাকলেও বিএনপি বা ২০ দলীয় জোটের কোনো নেতাকে দেখা যায়নি।

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, আবুল কাশেম, এ্যাডভোকেট সালমা ইসলাম, এম এ হান্নান, ফকির আশরাফ, সৈয়দ আবু হোসেন বাবলা, এরশাদের উপদেষ্টা রিন্টু আনোয়ার, পীর ফজলুর রহমান, এ্যাডভোকেট আলতাফ আলী, শরিফুল ইসলাম জিন্নাহ, এ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন। ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রফিকুল হক।

হুসেইন মুহম্মদ এরশাদ ইফতারে আসার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই মাসে কোরআন নাজিল হয়েছে। এই মাসে শবে কদর, এই মাস রহমত, ইবাদত ও ভ্রাতৃত্বের মাস। এখন রাজনীতির সময় নয়। এখন সময় আল্লার কাছে প্রার্থনা করার। যাতে আল্লাহ আমাদের দেশের মঙ্গল করেন।

৪৯টি দেশের কূনীতিককে দাওয়াত দেওয়া হলেও সৌদি আরব, ভুটান, রাশিয়া, ভিয়েতনামের রাষ্ট্রদূত, যুক্তরাজ্যের ডেপুটি হাইকমিশনার ও যুক্তরাষ্ট্রের সহকারী রাষ্ট্রদূতসহ ১২ জন কূটনীতিক ইফতারে অংশ নেন।

ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই