বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষ কারাগারের মধ্যে রয়েছে। স্বাধীনতা ও গণতন্ত্রের শক্তিকে কাজে লাগিয়ে এখান থেকে বের হয়ে আসতে হবে। এ জন্য দলীয় নেতা-কর্মীদের আরও সুশৃঙ্খল হতে হবে।
বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে আনতে হবে।আজ শনিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া কাজী বাড়িতে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র চলছে।
তাঁর বিরুদ্ধে অসংখ্য মামলা তৈরি হচ্ছে। জনগণের শক্তির কাছে কোনো ষড়যন্ত্রই টিকে থাকতে পারবে না।সরকারের কঠোর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, সরকার জোর করে ক্ষমতায় বসে রয়েছে। জোর করে ক্ষমতায় টিকে থাকা যায় না। ক্ষমতায় টিকে থাকতে হলে জনগণের হৃদয় জয় করতে হবে। তাই একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দিতে হবে।রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপন হলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে, নদীর মাছসহ ফসলের ক্ষতিসাধন হবে।
পরিবেশবিদ, চিন্তাবিদ, দেশীয় ও আন্তর্জাতিক গবেষকেরা পর্যন্ত এ বিদ্যুৎ প্রকল্পের জায়গার বিরুদ্ধে মত দিয়েছেন। এরপরও সরকার গায়ের জোরে সেটি করছেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সাংসদ মনিরুল হক চৌধুরী, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল আজিম, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক (সাক্কু), জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, সাবেক মন্ত্রী ও জাপার একাংশের মহাসচিব মোস্তফা জামাল হায়দার ও কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি এয়ার আহমেদ সেলিম প্রমুখ।
এসএ





