আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, “পাপুল সরকারদলীয় নন, স্বতন্ত্র সংসদ সদস্য। পাপুলের বিরুদ্ধে অবৈধ অর্থ আয়সহ যেসব দুর্নীতি বিএনপির সময় হয়েছে। যদি তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ থাকে তবে এর দায় বিএনপিকেই বহন করতে হবে।”
সম্প্রতি কুয়েতে অর্থ ও মানবপাচারের দায়ে বাংলাদেশের লক্ষ্মীপুরের সাংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলকে চার বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) কুয়েতের ফৌজদারি আদালতের বিচারক আবদুল্লাহ আল ওসমান এই রায় ঘোষণা করেন বলে উপসাগরীয় দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া পিটিআই রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এইসব কথা বলেন।
আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, “পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয়নি, এটা আন্তর্জাতিক আদালতে প্রমাণিত। এটা বিএনপির কাল্পনিক অভিযোগ। এটা নিয়ে কথা বলার মাধ্যমেই প্রমাণ হয়, এই কাল্পনিক অভিযোগের পেছনে বিএনপিরই মদদ ছিল।”
নির্বাচন নিয়ে হানিফ বলেন, “পরিকল্পিতভাবে বিএনপি নির্বাচনে অংশই নেয় নির্বাচন কমিশন ব্যবস্থাকে বিতর্কিত করার জন্য। ভোটের সময় দেখা যায় কেন্দ্রে তাদের কোনো এজেন্ট থাকে না, ভোটার থাকে না। প্রশাসন ভোটের সময় আইনশৃঙ্খলা রক্ষার জন্য নিরপেক্ষ একটা ভূমিকায় সক্রিয় থাকবে, এটাই স্বাভাবিক।”
মাহবুব-উল আলম হানিফ বলেন, “ভোটের নামে বিএনপির সন্ত্রাসীরা যদি নাশকতা করে, তবে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবেই। এতে তারা আওয়ামী লীগের লোকজনকেও ছাড় দেয় না।”
এমবি





