বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ। ২৭ জুন শুক্রবার সকালে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার রাত সাড়ে ১২টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ বৈঠকের কথা জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল।
তিনি আরও বলেন, ‘এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন ভারত সফরে গিয়েছিলেন তখন সুষমা স্বরাজের সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছিল। এবার সুষমা ঢাকা সফরে আসছেন। সে উপলক্ষে আগামী ২৭ জুন সকালে সুষমার সঙ্গে বেগম জিয়ার বৈঠক হবে।’
তবে সংবাদ সম্মেলনে জানানো হয় বৈঠকের স্থান ও সময় পরে জানানো হবে। সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী,যুগ্ম মহাসচিব সালাহউদ্দীন আহমেদ, মহিলা দলের সাধারন সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ৩দিনের এক সফরে আজ ঢাকায় আসছেন । এই সফরের সময় তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। ভারতের নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটি হবে তার প্রথম বিদেশ সফর।
ঢাকা, এমএইচ, ২৫ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





