আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বঙ্গবন্ধুকে দেশদ্রোহী আখ্যা দিয়ে পাকিস্তানীরা গ্রেফতার করেছিল। আর বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ও আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা অন্তঃসত্ত্বা অবস্থায় গ্রেফতার হয়েছিলেন। তাই ফখরুল মিথ্যা তথ্য দিয়েছেন। তিনি ডিমেনশিয়া রোগী।’

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে রবিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের দলীয় প্রতিক্রিয়ায় এ সব কথা বলেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, ‘মির্জা ফখরুলের বক্তব্য অবশ্যই মানহানিকর। যে কেউ চাইলে তার এই বক্তব্যে মানহানি মামলা করতে পারেন।’

তিনি বলেন, ‘নেত্রী অন্তরীণ অবস্থাতেই নিদারুণ কষ্টের মধ্যে আজ বাংলাদেশের অহংকার তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদকে জন্ম দিয়েছেন। মির্জা ফখরুল ন্যক্কারজনকভাবে নেত্রীর এই বন্দিদশাকে উপহাস করেছেন। আমি ফখরুল সাহেবকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনার নেত্রী স্বেচ্ছায় পাকিস্তানীদের আতিথেয়তা গ্রহণ করেছিলেন।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘পাকিস্তানীদের আতিথেয়তায় ছিলেন বলেই দেশ স্বাধীন হওয়ার পর জিয়াউর রহমান খালেদা জিয়াকে গ্রহণ করতে রাজি হননি। আমাদের নেত্রী ও বঙ্গবন্ধুর অনুরোধে জিয়াউর রহমান খালেদাকে গ্রহণ করেছিলেন।’

তিনি বলেন, ‘বিএনপি নেতাদের বলব, আপনাদের কথা ডিমেনশিয়া রোগাক্রান্ত অর্বাচীন বুড়োর মতো। ড্যাব নেতাদের বলব, আপনাদের নেতাদের মানসিক সুস্থতা পরীক্ষা করুন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিল্প বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, সুজিত রায় নন্দী প্রমুখ।

এএইচ