বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ১৯৭৫ সালের পরে রেডিও ও টিভির রেকর্ড খুঁজলে পাওয়া যাবে আমরা মোশতাক সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলাম না। এটা কল্পনাপ্রসূত কথা ছাড়া আর কিছেই নয়।

সম্প্রতি ১৯৭৫ সালে মোশতাক সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে রাশেদ খান মেননের উপস্থিতি নিয়ে তারেক রহমান যে বক্তব্য দিয়েছে তার প্রতিবাদে মন্ত্রী এ মন্তব্য করেন।

মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে যদি কোনো কুলাঙ্গার থাকে তাহলে তারেক রহমান কুলাঙ্গারদের শিরমণি।

মন্ত্রী বলেন, সেদিন আমি ঢাকায় আত্মরক্ষার কাজে নিয়োজিত ছিলাম। রেডিওতে মোশতাক সরকারের শপথ গ্রহণের খবর শুনেছি। সেখানে আমার উপস্থিতি বিষয়ে যারা কথা বলে তাদের ইতিহাস সম্পর্কে সামান্যতম জ্ঞান নেই।

তিনি বলেন, জিয়াউর রহমান নিজেই তার লেখায় বঙ্গবন্ধুকে মহান নেতা হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু তার ছেলে অর্বাচীনের মতো বক্তব্য দিয়ে যাচ্ছে। মূলত ১৯৭১ সালে মা খালেদা জিয়ার যে ভূমিকা ছিল তা ধামাচাপা দিতে এসব কথা বলছে সে।

মন্ত্রী বলেন, তারা মূলত নির্বাচনের বাস মিস করে সরকার তো দূরের কথা তাদের বিরোধীদলে বসার স্বপ্নও ধূলিস্মাৎ হয়ে যাওয়ায় এসব মন্তব্য করছে। একই সঙ্গে ২১ আগস্ট গ্রেনেড হামলা ও দেশে জঙ্গি কার্যকলাপের তাদের সম্পৃক্ততার মুখোশ উন্মোচিত হওয়ায় উল্টো পাল্টা বক্তব্য দিচ্ছে।

ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ