বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, নির্বাচনী প্রক্রিয়া ধ্বংস হয়ে গেছে। আওয়ামী লীগ সরকার যদি মনে করে থাকে যে নির্বাচন প্রক্রিয়া ধ্বংস করার মাধ্যমে বিরোধীদল দমন করবে তাহলে শুধু বিরোধী দলই নয়, এর পরিণতি আওয়ামী লীগকেও ভোগ করতে হবে।

মঙ্গলবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন। জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো হয়।

মঈন খান বলেন, ‘দেশে জনগণের সরকার প্রতিষ্ঠায় নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু অবাধ ও সকলের অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন। কারণ বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ। এদের মতো পুনরায় নির্বাচন কমিশন গঠিত হলে তাদের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না।’

তিনি বলেন, যদি বাংলাদেশের মানুষের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি বিদেশী অপসংস্কৃতি দ্বারা ভেসে যায় তাহলে এদেশের মানুষের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।

সদ্য প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহকে স্মরণ করে মঈন খান বলেন, ‘দেশের চলমান ক্রান্তিকালে এবং বিএনপির সংকটময় মুহূর্তে আ স ম হান্নান শাহ দলটির অকুতোভয় সৈনিক ছিলেন। বিএনপির জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ। তাঁর মৃত্যুতে বিএনপিতে যে স্থান শুন্য হয়েছে তা সহজে পূরণ হবার নয়।

এসএম