কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল হাইকোর্টের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে বিএনপির নেতাকর্মীরা।

এসময় গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় দলটির অজ্ঞাত ৫০০ নেতাকর্মীর নামে মামলা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে পুলিশ বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় এই মামলা করে। মামলা নং ৩২।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে রণাঙ্গনের জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মুক্তিযুদ্ধের প্রজন্ম জাতীয় প্রেসক্লাব থেকে মিছিল বের করে।

এরপর কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দুপুর ১২টার দিকে নেতাকর্মীরা হাইকোর্টের সামনে অবস্থান নেন। দুপুর ২টার দিকে পুলিশ তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ ও বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও বেশকিছু গাড়ি ভাংচুর করে। এসময় পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি গাড়িও ভাঙচুর করা হয়। গাড়ি ভাঙচুর করতে করতে বিক্ষুব্ধ কর্মীরা সটকে পড়ে।

মিছিলে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, শওকত মাহমুদ, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ, শাহ মোহাম্মদ আবু জাফর, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক খানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এমবি