একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। রোববার (২৫ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয় থেকে মনোনয়ন প্রাপ্তদের চিঠি দিতে শুরু করে দলটি।
একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগে প্রার্থী বাছাইয়ে তেমন পরিবর্তন আসেনি। তবে এবার আওয়ামী লীগ থেকে জাতীয় নির্বাচনে লড়বেন বেশকিছু নতুন ও তরুণ।
নৌকার নতুন মাঝিদের পরিচিতি
বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে নড়াইল-২ এর নৌকার মাঝি হিসেবে বেছে নিয়েছে আওয়ামী লীগ। এই আসনে ২০১৪ সালের নির্বাচনে মহাজোট থেকে মনোনয়ন পেয়েছিলেন ওয়ার্কাস পার্টির শেখ হাফিজুর রহমান।
মাগুরা-১ আসনেও এবার পরিবর্তন এনেছে আওয়ামী লীগ। এ আসনে এ টি এম আব্দুল ওয়াহাবের পরিবর্তে দলটি সাবেক ছাত্রলীগ নেতা সাইফুজ্জামান শিখরের ওপর আস্থা রেখেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
টাঙ্গাইল-৩ আসনে সংসদ সদস্য আনামুল রানা খানের পরিবর্তে এবার নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে তার বাবা আতাউর রহমান খানকে। আনামুল রহমান খান রানা বর্তমানে হত্যা মামলায় কারাগারে রয়েছেন।
চট্টবীর মহিউদ্দিন চৌধুরীর পুত্র ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন। তিনি চট্টগ্রাম-৯ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করবেন।
একাদশ নির্বাচনে আওয়ামী লীগ সবচেয়ে বড় চমক দিয়েছে ঢাকা-১৩ আসনে। আওয়ামী লীগের প্রভাবশালী কেন্দ্রী নেতা জাহাঙ্গীর কবির নানকের পরিবর্তে এই আসনে উত্তর ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক সাদেক খানকে বেছে নিয়েছেন শেখ হাসিনা।
শরীয়তপুর-১ আসনেও এসেছে নৌকার নতুন মুখ। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেলের পরিবর্তে ইকবাল হোসেন অপুকে মনোনীত করা হয়েছে।
শাহীন আক্তার চৌধুরী কক্সবাজার-৪ আসন থেকে প্রথমবারের মতো নির্বাচন করবেন। তিনি বহুল আলোচিত বদির স্ত্রী।
কিশোরগঞ্জ-২ আসনে লেগেছে পরিবর্তনের হাওয়া। এখানে নৌকা প্রতীক নিয়ে প্রথমবারের মতো নির্বাচন করবেন বাংলাদেশের পুলিশের সাবেক ডিজি নূর মোহাম্মদ।
এসএম





