নতুন আমিরকে নিয়ে বাংলা ট্রিবিউনে বিভ্রান্তিকর খবর প্রকাশের প্রতিবাদ জানিয়েছে জামায়াত।

আজ মঙ্গলবার (১৮অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এ প্রতিবাদ জানান।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর নব-নির্বাচিত আমির মুকবুল আহমাদকে নিয়ে আজ মঙ্গলবার “অনলাইন পত্রিকা বাংলা ট্রিবিউনে প্রকাশিত রিপোর্টটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যা একেবারেই ভিত্তিহীন।

রিপোর্টটিতে যা বলা হয়েছে তা অসত্য ও কাল্পনিক দাবি করে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির জনাব মকবুল আহমাদের ১৯৭১ সালে রাজাকার কমান্ডার হওয়ার প্রশ্নই আসে না। সে সময় তিনি একটি খ্যাতিমান হাই স্কুলের সর্বজন শ্রদ্ধেয় একজন শিক্ষক ছিলেন।

স্বাধীন বাংলাদেশে ৭১-এর হত্যাকান্ডসহ বিভিন্ন ঘটনাবলীকে কেন্দ্র করে এ পর্যন্ত অনেক চড়াই উৎরাই হলেও আল্লাহর অশেষ মেহেরবাণীতে স্বচ্ছ ও ক্লিন ইমেজের অধিকারী জনাব মকবুল আহমাদের বিরুদ্ধে কোথাও কেউ সামান্য কোন অভিযোগ পর্যন্ত দায়ের করেনি।

সুতরাং আমির নির্বাচিত হওয়ার পরই তার বিরুদ্ধে যে অভিযোগ পত্রিকাটিতে প্রকাশ করা হয়েছে তা একান্তই আদর্শিক ও রাজনৈতিক উদ্দেশ্যে তাড়িত এবং নেহায়েত প্রতিহিংসামূলক।

তিনি আরো বলেন, ইসলামের আদর্শ অনুসরণকারী বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে এটি একেবারেই অগ্রহণযোগ্য ও অবান্তর বক্তব্য।

এ ধরনের কাল্পনিক, ভিত্তিহীন, অন্যায্য ও অসত্য বক্তব্য দিয়ে বাংলাদেশের ১৬ কোটি জনগণকে বিভ্রান্ত করা যাবে না।

দায়িত্বশীল সংবাদ মাধ্যমগুলো দেশ ও জনগণের ঐক্য, শান্তি এবং অগ্রগতির ব্যাপারে গঠনমূলক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এসএম/জারিফ