ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

উত্তরে ক্ষমতাসীন দলের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম এবং দক্ষিণের বর্তমান মেয়র সাঈদ খোকনের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস।

আজ (২৯ ডিসেম্বর) রোববার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

বেলা ১১টায় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই কার্যালয়ে হাজির হয়েছেন উত্তরের মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী আতিকুল ইসলাম ও দক্ষিণের ফজলে নূর তাপস।

ধানমন্ডি কার্যালয়ে উপস্থিত আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান, প্রার্থীদের নাম ঘোষণার আগেই সকাল সাড়ে ১০টার দিকে নেতাকর্মীদের নিয়ে কার্যালয়ে আসেন ফজলে নূর তাপস। পরে বেলা পৌনে ১১টার দিকে বিশাল শোডাউন নিয়ে কার্যালয়ে হাজির হন উত্তরের বর্তমান মেয়র আতিকুল ইসলাম। তবে দক্ষিণের বর্তমান মেয়র সাঈদ খোকনকে বেলা ১১টা পর্যন্ত কার্যালয়ে আসতে দেখা যায়নি।

সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক সংবাদ সম্মেলনে বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে যারা বিতর্কিত তাদের মনোনয়ন দেয়া হবে না। বিতর্কের ঊর্ধ্বে যারা, যাদের অপকর্মের রেকর্ড নেই- এ ধরনের প্রার্থীদের আমরা মনোনয়ন দেব।

উল্লেখ্য, ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ২ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি এবং আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এমবি