জনগণের ভোটাধিকার হরণকারী ফ্যাসিষ্ট সরকার দেশে ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান।
আজ ১৫ মার্চ এক বিবৃতির মাধ্যমে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি জনপদ মানুষের রক্তে রঞ্জিত। শহরে, গ্রামে-গঞ্জে সন্তান হারা মা-বাবা এবং পিতৃহারা শিশু সন্তান ও স্বামী হারা বিধবাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। মানুষের কান্না ও আর্তনাদ আল্লাহর আরশকে কাঁপিয়ে তুলছে।
তিনি আরো বলেন, সরকারের মন্ত্রীগণ দায়িত্বশীল বক্তব্যের পরিবর্তে উস্কানীমূলক ও আক্রমণাত্মক ভাষায় বক্তব্য রেখে পরিস্থিতি ক্রমেই জটিল করে তুলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী ও দলীয় নেতাগণ উৎখাত, নির্মূল ও নিশ্চিহ্ন করার ঘোষণা দিচ্ছেন অব্যাহতভাবে।
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বলেছেন, ‘গুলি করে মারলে কষ্ট কম হয়’- তার এ বক্তব্য জনগণের সাথে একটি উপহাস ছাড়া আর কিছুই নয়। সরকারের মন্ত্রীগণ ধরাকে সরা জ্ঞান করে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। আমরা তাদের এ দায়িত্বহীন, উস্কানীমূলক ও আক্রমণাত্মক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
শফিকুর রহমান বলেন, ১৪ মার্চ সিরাজগঞ্জ পৌরসভায় জামায়াতের কর্মী সাইদুর ও রফিকুল ইসলামকে পুলিশ প্রকাশ্য দিবালোকে শতশত মানুষের সামনে তাদের পায়ে গুলি করে গুরুতরভাবে আহত করেছে। এ অমানবিক ঘটনার নিন্দা জানানোর কোন ভাষা নেই।
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও স্থানীয় জামায়াত নেতা সাইফুল ইসলামের পিতা আলহাজ্ব মতিউর রহমান আজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শোকাহত জনাব সাইফুল ইসলামকে মানবিক বিবেচনায় অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।
তিনি আরো বলেন, সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারাদেশে আজও জামায়াতে ইসলামীসহ ২০ দলীয় জোটের প্রায় দুই শতাধিক নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে আছেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলা জামায়াতের সেক্রেটারী ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম এবং কক্সবাজারের পেকুয়া উপজেলা জামায়াতের সেক্রেটারী জনাব ইমতিয়াজ উদ্দিন। গ্রেফতার অভিযানের নামে সন্ত্রাসী তা-ব বন্ধ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি।
মানুষ হত্যাকারী এবং জনগণের ভোটাধিকার হরণকারী এ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে চলমান শান্তিপূর্ণ গণআন্দোলন তীব্র থেকে তীব্রতর করে জালেমশাহীর অভিশাপ থেকে দেশ ও জাতিকে মুক্ত করার জন্য আমি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
এসএইচ





