বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কার্যালয়ের সামনে জলকামান ও প্রিজনভ্যান রাখা হয়েছে।
খালেদা জিয়ার রায়ের জন্য তারিখ ঘোষণার পরপরই তৎপর হয়ে ওঠে আইনশৃঙ্খলা বাহিনী। গত দুইদিন আগে থেকেই গুলশান ও নয়াপল্টন ঘিরে অবস্থান নিতে থাকে পুলিশ, ৠাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।
বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) এ সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সকালে কার্যালয়ের সামনে সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল সীমিত করে দেয় পুলিশ।
কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যেতে সড়কের দুই প্রান্তে ব্যারিকেড দেয়া হয়েছে। নয়াপল্টনে ঢোকার সব পথে অবস্থান নিয়েছে পুলিশ। বিজয়নগর মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত ব্যারিকেড দিয়ে ঘিরে রেখে পুলিশ। আশপাশের সব গলিতেও ব্যারিকেড দেয়া হয়েছে।
ওই এলাকার সব দোকানপাট বন্ধ রয়েছে। সাধারণ মানুষ এসব এলাকা দিয়ে হেঁটে পার হতে পারছেন। তবে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। কাউকে কোনো স্থানে দাঁড়াতে দেয়া হচ্ছে না।
তবে গত দুইদিন ধরে কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ, সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ ও অধ্যাপক আমিনুল ইসলাম। বিএনপি নেতাকর্মীদের আশঙ্কা যে কোনো সময় তারা গ্রেফতার হতে পারেন।
আগামী ৮ ফেব্রুয়রি খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে হঠাৎ রাজনীতির মাঠ গরম হয়ে উঠেছে। সারাদেশের বিএনপির নেতাকর্মীদের ব্যাপক ধরপাকড় চালাচ্ছে পুলিশ। বিএনপি অভিযোগ করেছে- সারা দেশের তাদের ৩ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
এএস





