বিরোধী জোটের অনির্দিষ্টকাল অবরোধের ১৫তম দিনেও দেশের বিভিন্ন স্থান থেকে সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। দিনের শুরুতে রাজধানীর শনির আখড়ার কাজলারপাড় এলাকায় মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মধ্যরাতে রাজশাহীতে ঢাকাগামী একটি বাসে পেট্রোল বোমা হামলায় মা-মেয়ে দগ্ধ হয়েছেন। দগ্ধ মা আম্বিয়া বেগম (৪৫) ও মেয়ে রিফাতসহ (১৭) আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দেশের অন্যান্য স্থানেও হয়েছে মিছিল-ভাংচুর-আগুন দেয়ার ঘটনা। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত...
জাসদ নেতা বাদলের বাড়িতে ককটেল হামলা
চট্টগ্রাম-৮ আসনের এমপি ও সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা মঈন উদ্দীন খান বাদলের গ্রামের বাড়িতে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বোয়ালখালী উপজেলার সরোয়াতলী গ্রামে গতকাল সোমবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে এ ঘটনা ঘটে।
এর আগে, গত ১৫ জানুয়ারি মঈন উদ্দীন খান বাদলের চট্টগ্রাম চাদগাঁও অফিসে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
বাদলের ছোট ভাই মনির উদ্দিন খান জানান, দুর্বৃত্তরা গতকাল রাতে শোবারঘর লক্ষ্য করে ককটেল ছোড়ে। ককটেলটি বিস্ফোরিত হলে ওই কক্ষের দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। তবে এ সময় কক্ষে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
বোয়ালখালী উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার নুরুল হক আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোঃ হাবিবুর রহমান জানান, হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাবিতে ককটেল বিস্ফোরণ : উদ্ধার ১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের তৃতীয় তলায় দুপুর সোয়া বারোটার দিকে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে আরো একটি ককটেল উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড: এ এম আমজাদ আলী এ তথ্য জানান।
তিনি বলেন, কলা ভবনের তৃতীয় তলার টয়লেটে একটি ককটেল বিস্ফোরিত হয়। পরিত্যক্ত অবস্থায় আরো একটি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অবরোধকারীরা এ ঘটনা ঘটাতে পারে। তবে কলা ভবনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরো বৃদ্ধি করা হবে।
রাজশাহীতে বাসে পেট্রোল বোমায় মা-মেয়ে দগ্ধ
রাজশাহীতে মধ্যরাতে ঢাকাগামী একটি বাসে পেট্রোল বোমা হামলায় মা-মেয়ে দগ্ধ হয়েছেন। দগ্ধ মা আম্বিয়া বেগম (৪৫) ও মেয়ে রিফাতসহ (১৭) আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আম্বিয়া বেগমের দুই হাতসহ মুখের বাঁ অংশ এবং রিফাতের বাঁ হাতের কিছু অংশ ঝলসে গেছে।

সোমবার রাত সোয়া ১২টার দিকে নগরীর ভদ্রা ভাংড়িপট্টি এলাকায় নিরাপত্তা বাহিনীর পাহারায় থাকা গাড়িবহরের মধ্যে ওই বাসে এ হামলা হয় বলে বোয়ালিয়া থানার ওসি খন্দকার নূর হোসেন জানিয়েছেন।
বোমা হামলার পর বাস থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আরো দুজন আহত হয়েছেন বলে জানান তিনি।
দগ্ধ মা-মেয়ের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর গ্রামে। ইসরাইল হোসেনের মেয়ে রিফাত ঢাকা পলিটেকনিকের প্রথম সেমিস্টারের ছাত্রী। পরীক্ষায় অংশ নিতে অবরোধের মধ্যেই মাকে সঙ্গে নিয়ে ঢাকার পথে ছিলেন তিনি।
ওসি নূর হোসেন জানান, নিরাপত্তা বাহিনীর পাহারায় শিশির এন্টারপ্রাইজের ওই বাসসহ ১৫/১৬টি যানবাহন ঢাকা যাচ্ছিল। ওই বাসের পেছনে আরো দুটি বাস ও একটি ট্রাক ছিল।
গাড়িবহরটি রাত ১২টার দিকে রাজশাহী টার্মিনাল থেকে ছাড়ার কিছুক্ষণ পরই বাসটিতে হামলা হয়। কয়েকজন দুর্বৃত্ত গলির ভেতর থেকে বাসটি লক্ষ্য করে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। বাসের মাঝের একটি জানালার কাচ ভেঙে বোমাটি ভেতরে ঢুকে ছয়টি আসন পুড়ে যায়। এসময় মা-মেয়ে দগ্ধ হন।
ফায়ার সার্ভিস কর্মীরা আসার আগেই বাসের লোকজন আগুন নিভিয়ে ফেলে।
রাজধানীতে প্রজন্ম লীগের কার্যালয়ে অগুন; মহাসড়কে ভাংচুর
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় রাজধানীর শনির আখড়ার কাজলারপাড় এলাকায় মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে র্যাব-১০ এর একটি টিমসহ পুলিশের দু'টি টিম ঘটনাস্থলে পৌছেছে। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
কার্যালয়টি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপরে স্থাপিত ছিল। মুলি বাসের অফিস কক্ষ হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে যায়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
এছাড়া প্রায় একই সময়ে ওই এলাকায় একটি পিকআপ ভ্যানেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
লক্ষ্মীপুরে অবরোধে সিএনজি ভাঙচুর, আটক ২৫
অনির্দিষ্টকালের অবরোধে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল, ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধ করেছে ২০ দলীয় জোটের নেতা-কর্মীরা। এ ছাড়া অবরোধ সমর্থনকারীরা একটি সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করেছে।

এ দিকে নাশকতার অভিযোগে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ২৫ নেতা-কর্মীকে আটক করেছে বলে জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়।
মঙ্গলবার সকাল ১০টায় জেলা শহরের মিয়া রাস্তার মাথা নামক স্থানে টায়ারে অগ্নিসংযোগ করে ঢাকা-রামগতি সড়ক অবরোধ করে জোটের নেতা-কর্মীরা। একই সময় মজু চৌধরী হাট সড়কে একটি অটোরিকশা ভাঙচুর করে তারা।
এ ছাড়া শহরের আলিয়া মাদ্রাসার সামনে, বিসিক শিল্প এলাকা, বাস টার্মিনালে বিক্ষোভ মিছিল ও সড়কে পেট্রোল ঢেলে আগুন দেয় অবরোধ সমর্থনকারীরা। নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ ও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
খুলনায় অবরোধের সমর্থনে মিছিল

২০ দলীয় জোটের অনির্দিষ্ঠকালের অবরোধের ১৫ তম দিনে খুলনায় মিছিল করেছে ২০ দলীয় জোট।
শহরের দৌলতপুরে সকালে কয়েকটি মিছিল হয়। বিএনপি-জামায়াত একত্রে একটি মিছিল বের করে এবং আলাদা ভাবে ছাত্রশিবির সরকারি বি.এল কলেজ একটি মিছিল বের করে।
টঙ্গীতে শিবিরের মিছিল
অনির্দিষ্টকালের হরতালের সমর্থনে মিছিল করেছে ছাত্রশিবির গাজীপুর মহানগরী। সকাল সাড়ে ৮ টায় টঙ্গীতে তারা মিছিল বের করে।

মিছিলের নেতৃত্ব দেন গাজীপুর মহানগর সেক্রেটারি হাসনাইন আহমেদ। এছাড়া মিছিলে আরো উপস্থিত ছিলেন গোলাম কিবরিয়া প্রমুখ।
এছাড়া গাজীপুরের চেরাগ আলীতে শিবির নেতা মিজানুর রহমানের নেতৃত্বে আরেকটি মিছিল অনুষ্ঠিত হয় একই সময়ে।
দিনাজপুরে অবরোধের সমর্থনে মিছিল
২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী অনির্দিষ্টকালের অবরোধের ১৫ তম দিনে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, দিনাজপুর শহর শাখা।
সকাল সাড়ে ৮ টায় শহরের মুন্সিপাড়া এলাকায় তারা এ মিছিল করে।
উত্তরায় শিবিরের মিছিল
২০দলীয় জোটের টানা অবরোধের সমর্থনে ১৫তম দিনে মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর।

সকাল সাড়ে ৭ টায় উত্তরার আজমপুরে মিছিলটি হয়।
মিছিলের নেতৃত্ব দেন শিবিরের মহানগর উত্তরের এইচআরডি সম্পাদক মো. আইয়ুব, বিমানবন্দর থনা সভাপতি জাকিরুল ইসলাম, উত্তরখান সভাপতি কেরামত আলী, মমিনুর রহমান প্রমুখ।
এএইচ





