ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানসহ জামায়াতের ১১ জন নেতাকে রাজশাহী শহরের একটি ঘরোয়া সাংগঠনিক বৈঠক থেকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার প্রতিবাদে আগামীকাল সারা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।
জামায়াতের ১১ জন নেতাকে রাজশাহী শহরের একটি ঘরোয়া সাংগঠনিক বৈঠক থেকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দেশব্যাপী বিক্ষোভের এই ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা শামসুল ইসলাম এবং সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।
বিবৃতিতে তারা বলেন, “সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার যে গভীর ষড়যন্ত্র করছে তারই অংশ হিসেবে আজ ১২ মার্চ রাজশাহী শহরের একটি ঘরোয়া সাংগঠনিক বৈঠক থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানসহ জামায়াতের ১১ জন নেতাকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। তারা সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিবৃতিতে তারা আরও বলেন, " 'বাংলাদেশ জামায়াতে ইসলামী' দেশের একটি বৈধ রাজনৈতিক দল। জামায়াতে ইসলামীর নেতাদেরকে ঘরোয়া সাংগঠনিক বৈঠক থেকে গ্রেফতার করে সরকার দেশের আইন ও সংবিধান লংঘন করেছে। এ থেকেই প্রমাণিত হচ্ছে যে, দেশে গণতন্ত্র ও আইনের শাসন বলতে আর কিছুই অবশিষ্ট নেই। এভাবে জামায়াতসহ ২০-দলীয় জোটের নেতা-কর্মীদের সরকার অন্যায়ভাবে গ্রেফতার করে দেশকে রাজনীতি শূন্য করছে। দেশকে রাজনীতি শূন্য করে তারা একদলীয়ভাবে নির্বাচনের প্রহসনের নাটক করে দেশে একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েমের ষড়যন্ত্র করছে। জনগণের ভোটাধিকার হরণ করে দেশে একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েমের পরিণতি কখনো শুভ হবে না। স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য আমি দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি। "
সর্বশেষ ঘোষিত এ বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করার জন্য তারা জামায়াতের সকল শাখা সংগঠনের প্রতি আহবান জানান এবং দেশবাসীর সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি
জেড





