একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত দুই এমপির পর এবার শপথ নিলেন ধানের শীষ প্রতীকে নির্বাচিত এমপি বিএনপির জাহিদুর রহমান জাহিদ।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা ১২টা ১০ মিনিটে তাকে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিষয়টি জানিয়েছেন জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক তারিক মাহমুদ।
এর আগে শপথ নিতে সকাল থেকেই আনুষ্ঠানিকতা শুরু করেন বিএনপি নেতা জাহিদুর। একাদশ সংসদ নির্বাচনের ফলাফল বর্জন করে নতুন নির্বাচনের দাবি জানিয়ে আসা বিএনপির দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করেই শপথ নিতে সকালে সংসদ ভবনে যান তিনি।
সংসদ সচিবালয় জানিয়েছে, একাদশ সংসদ নির্বাচনে জয়ী ৩০০ প্রার্থীর মধ্যে জাহিদকে নিয়ে মোট ২৯৫ জন এ পর্যন্ত শপথ নিয়েছেন।
গেল ২৯ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে বিএনপির ভরাডুবির মধ্যেও ঠাকুরগাঁও-৩ আসন থেকে জয়ী হন জাহিদুর রহমান জাহিদ। রংপুর বিভাগের মধ্যে জাহিদুর রহমানই একমাত্র বিএনপির প্রার্থী, যিনি জয়ী হন।
জাহিদুর রহমান ধানের শীষের প্রতীক নিয়ে ৮৮ হাজার ৫১০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মো. ইমদাদুল হক। তিনি ৮৪ হাজার ৩৮৫ ভোট পান।
মহাজোটের প্রার্থী মো. ইয়াসিন আলী (নৌকা) ৩৮ হাজার ৬৩ ভোট পেয়ে তৃতীয় হন। জাতীয় পার্টির প্রার্থী হাফিজউদ্দিন আহম্মেদ (লাঙ্গল) ২৭ হাজার ১৮২ ভোট পেয়ে চতুর্থ হন।
এএস





