বাংলাদেশে ২ শতাংশেরও কম গার্মেন্ট ফ্যাক্টরি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কিন্তু বিদেশে এ হার ২ শতাংশের উপরে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি বলেন, সম্প্রতি ২ হাজার গার্মেন্টস ফ্যাক্টরি পরিদর্শন করে মাত্র ১৯টি ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান পাওয়া গেছে।

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) নতুন ভবনে ৩ দিনব্যাপী অর্থনীতি বিষয়ক রিপোর্টিং কর্মশালার সমাপনী দিনে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের সহযোগিতায় পিআইবি আয়োজিত এ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ।

সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীর। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইকোনোমিক ফোরামের সভাপতি সুলতান মাহমুদ বাদল।

বাণিজ্যমন্ত্রী বলেন, চিহ্নিত একটি গোষ্ঠী গার্মেন্ট সেক্টরকে ধ্বংস করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং দেশে-বিদেশে নেতিবাচক ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, এ সেক্টরকে রক্ষা করতে হলে মালিক-শ্রমিককে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেতে হবে।

তোফায়েল আহমেদ বলেন, এবার রোজার মধ্যে মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হয় শ্রমিকদের বেতন-ভাতা ঈদের আগেই পরিশোধ করা হবে।

তিনি বলেন, সে সিদ্ধান্ত মোতবেক সব গার্মেন্টস কম্পানি বেতন-ভাতা পরিশোধ করে। শুধু তোবা গার্মেন্টের মালিক জেলে থাকায় প্রতিষ্ঠানটি বেতন-ভাতা পরিশোধ করতে পারেনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ঈদের পরে ৩ আগস্ট নৌ-পরিবহন মন্ত্রীকে সঙ্গে নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় তোবা গার্মেন্টসের মালিক পক্ষ ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করে ৬ আগস্ট চলতি বছরের মে ও জুন মাসের বেতন এবং ১০ আগস্ট জুলাই মাসের বেতন প্রদান করার সিদ্ধান্ত নেয়া হয়।

তিনি বলেন, তারপরও স্বার্থান্বেষী ওই মহল রাজনীতির কোনো ইস্যু না পেয়ে, এ বিষয়টিকে ইস্যু করে গার্মেন্টস সেক্টরটিকে অস্থির করে তোলার অপচেষ্টা চালায়। মহলটি কিছু শ্রমিককে রাস্তায় নামিয়ে গাড়ি ভাঙ্গচুর করে। কিন্তু ওই মহলটি যখন ক্ষমতায় ছিল, তারা গার্মেন্ট শ্রমিকদের উন্নয়নে কিছুই করেনি।

তোফায়েল আহমেদ বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাই গার্মেন্টস শ্রমিকদের জীবন মানের উন্নয়নে দু'দফায় তাদের বেতন বাড়িয়ে ১ হাজার ৬০০ টাকা থেকে ৫ হাজার ৩০০ টাকায় উন্নীত করে।

তিনি বলেন, ইউকে এইড নামের বিদেশি একটি প্রতিষ্ঠান সম্প্রতি গার্মেন্ট সেক্টরের শ্রমিকদের উপর সার্ভে করে একটি রিপোর্ট প্রকাশ করে। তাতে প্রতিষ্ঠানটি দেখিয়েছে, বর্তমানে একজন গার্মেন্টস শ্রমিক বেতন-ভাতাসহ মাসে সর্বনিম্ন ৭ হাজার ৮'শ টাকা উপার্জন করছে। এছাড়া এখন গার্মেন্টস শ্রমিকরা অবাধে ট্রেড ইউনিয়ন করারও অধিকার ভোগ করছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিদেশি একটি পত্রিকার রিপোর্টে দেখা গেছে, বিশ্বে ৫টি দেশ অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বেশ এগিয়ে। তার মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ, ভারতের পঞ্চম। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে চীন, নাইজেরিয়া ও ফিলিপিন্স।

তিনি বলেন, গত বছর দেশে রাজনৈতিক অস্থিরতা থাকা সত্ত্বেও পণ্য রপ্তানী হয়েছে ৩০ দশমিক ১৮ বিলিয়ন মার্কন ডলার। আর চলতি বছর রপ্তানীর এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৩ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার।

মন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা এখন আর কোন দেশের জন্যই নেই। বিদেশিদের জন্য এ সুবিধাটি যুক্তরাষ্ট্র গত বছর থেকেই বন্ধ করে দিয়েছে। তারা যদি আবার চালু করে তাহলে বাংলাদেশও এ সুবিধা পাবে।

আবুল কালাম আজাদ বলেন, জাতির দুর্ভাগ্য বঙ্গবন্ধুর মত নেতাকে, জাতির পিতাকে তারা হারিয়েছে। তবে বিশ্বমানের আরেক নেতা জাতি পেয়েছে। তিনি হলেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, তাঁর দূরদর্শিতা ও যোগ্য নেতৃত্বের কারণে দেশ বর্তমানে এগিয়ে যাচ্ছে। দেশের মানুষ ভাল আছে, শান্তিতে আছে।

তিনি বলেন, এক জরিপ রিপোর্টে দেখা গেছে, বিশ্বের ১৬২টি দেশের মধ্যে 'মানবিক উন্নয়নে' বাংলাদেশ ৯৮তম এবং দক্ষিণ এশিয়ায় তৃতীয় অবস্থানে রয়েছে। শুধু এ মানবিক উন্নয়নের ক্ষেত্রেই নয়, অনেক দিক থেকেই বাংলাদেশ বর্তমানে ভারত থেকে এগিয়ে আছে।

আবুল কালাম আজাদ কর্মশালায় অংশ নেয়া সাংবাদিকদের উদ্দেশে বলেন, শুধু নেতিবাচক নয়, ইতিবাচক রিপোর্টিং করার ব্যাপারেও খেয়াল রাখতে হবে। বর্তমানে দেশের যে উন্নয়ন ও অগ্রগতি হচ্ছে তা লেখনির মাধ্যমে তুলে আনতে হবে।

গত শনিবার থেকে শুরু হয় এ কর্মশালা। এতে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করে।

ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ