সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মী,বিত্তশালী ব্যক্তি এবং স্বেচ্ছাসেবী সংস্থা ও সংগঠনের প্রতি আহবান জানিয়ে জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ আহবান জানান।

বিবৃতিতে তিনি বলেন, পাহাড়ী ঢল ও অতিরিক্ত বর্ষণের ফলে দেশের উত্তরাঞ্চলের রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, জামালপুর, টাঙ্গাইল, শেরপুর, মোমেনশাহী, নেত্রকোণা, চট্টগ্রামের বাঁশখালী প্রভৃতি জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

পদ্মা, যমুনা, মেঘনা, ব্রহ্মপুত্র ও তিস্তা নদীতে অব্যাহতভাবে পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি ঘটছে এবং নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কোথাও কোথাও নদীর ভাঙ্গণে মানুষ গৃহহীন হচ্ছে। অনেকের ঘরবাড়ি বন্যার পানিতে ডুবে গিয়েছে।

মকবুল আহমাদ বলেন, হাজার হাজার হেক্টর জমির ফসল, ধান, পাট, শাক-সব্জি, তরিতরকারী এবং বীজতলা বন্যার পানিতে তলিয়ে গিয়েছে। ঘর-বাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় গৃহপালিত পশু গরু, ছাগল, হাঁস-মুরগী নিয়ে বন্যাদুর্গত মানুষ বিপাকে পড়েছে। অনেক মৎস্য চাষীর পুকুরের মাছ ভেসে গিয়েছে।

বন্যাদুর্গত মানুষ অভাবের তাড়নায় হাহাকার করছে। আশ্রয়হীন মানুষের ঘরে খাদ্য নেই, বিশুদ্ধ খাবার পানি নেই। বন্যাদুর্গত অঞ্চলের মানুষ দুষিত পানি পান করায় অনেকেই কলেরা, আমাশয়, পেটের পীড়াসহ বিভিন্ন রোগ-ব্যাধিতে ভুগছে। অসুস্থদের চিকিৎসার কোন ব্যবস্থা নেই। বন্যাদুর্গতদের জন্য এখন পর্যন্ত কোন সরকারী সাহায্য পৌঁছেনি।

জামায়াত নেতা বলেন, ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারী দলের এমপিগণ জনগণের এ দুঃসময়ে তাদের পাশে নেই। জনগণের পাশে দাঁড়ানোর দায়িত্বানুভূতি ও সাহস কোনটাই তাদের নেই। সরকারী প্রশাসনও নির্বিকারভাবে জনগণের দুঃখ-দুর্দশায় নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তারাও জনগণের পাশে দাঁড়াচ্ছে না।

'এমতাবস্থায় জরুরী ভিত্তিতে বন্যাদুর্গত লোকদের জন্য শুকনো খাদ্য, বিশুদ্ধ পানি, নিত্য প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্য, ওষুধও চিকিৎসা সামগ্রীসহ মেডিকেল টিম পাঠানোর জন্য আমি সরকারের প্রতি আহবান জানাচ্ছি।

সেই সাথে সাহায্য নিয়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি বিশেষভাবে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছি এবং বিত্তশালী ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন ও সংস্থাকে সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে বন্যাদুর্গত জনগণের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি।'

ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর