মুন্সিগঞ্জের সিপাহীপাড়া এলাকায় হরতালের সমর্থনে বিএনপির মিছিলে পুলিশ গুলি করেছে। এতে ৩জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫জন আহত হয়েছে বলে জানা গেছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হরতালের সমর্থনে মিছিলটি বের হয়ে সিপাহীপাড়া এলাকায় আসলে অতর্কিত পুলিশি বাধার মুখে পড়ে মিছিলকারীরা। পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলকারীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ব্যাপক লাঠিচার্য শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা আরো জানায়, লাঠিচার্যের একপর্যায়ে পুলিশ গুলিবর্ষণ শুরু করে। বেশ কয়েক রাউন্ড গুলি করে পুলিশ ছত্রভঙ্গ করে দেয় হরতাল সমর্থকদের। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৩জন গুলিবিদ্ধসহ আরো অন্তত ১৫জন আহত হয়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি দ্বিতীয় দফায় অনুষ্ঠিত ৪র্থ উপজেলা উপজেলা পরিষদ নির্বাচনে মুন্সিগঞ্জ সদর উপজেলায় নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন বিএনপি সমর্থিত প্রার্থী মোশাররফ হোসেন। পূনরায় নির্বাচন দাবি করেন তিনি।
২৭ জানুয়ারি দুপুরে এক সংবাদ সম্মেলনে মোশাররফ হোসেন বলেন, ২৬ জানুয়ারি বিকাল থেকে র্যাব পুলিশ আমার কর্মী এবং নেতাদের বাসায় তল্লাশি চালিয়ে হুমকি দিয়ে বলেছে ভোট কেন্দ্রে গেলে গ্রেপ্তার করা হবে। ভোর পর্যন্ত তা চলে।
তিনি আরও অভিযোগ করেন, আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত ভোট চললেও সাড়ে নয়টার পর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুজ্জামান আনিসের ক্যাডাররা সব কেন্দ্র দখল করে নেয়। ভোটাররাও ভয়ে ভোট কেন্দ্রে যায়নি। আর এরই প্রতিবাদে শনিবার মুন্সিগঞ্জ সদরে হরতাল আহবান করা হয়।
[b]ঢাকা, ০১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]





