আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় সরকারি দলের সমর্থকরা বিভিন্ন কেন্দ্র দখল করে ভোট কারচুপির মাধ্যমে বিজয়ী হওয়ার পায়তারা করছে।  এমন অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও দফতরের দায়িত্বে থাকা রুহুল কবীর রিজভী আহমেদ।
বুধবার দলের সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে  তিনি এই অভিযোগ করেন।
তিনি আরো বলেন, এছাড়াও বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপি সমর্থিত প্রার্থীদের এজেন্টদের বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে। আর সেখোনে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নীরব দর্শকের ভুমিকা পালন করছে।
বিএনপির এই নেতা আরো বলেন, গতকাল রাত থেকেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন স্থানে বিএনপি সমর্থকদের বাড়িতে গিয়ে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিয়ে আসছে। এমনকি ভোট দিতে গেলে লাশ হয়ে ফিরতে হবে এমন কথাও তারা বলে আসে।
রিজভী বলেন, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না উপজেলা নির্বাচনের মাধ্যমে তারা আবারো প্রমাণ করল।
তিনি বলেন, ভোটদানে বাধাদান এবং প্রশাসন ক্ষমতাসীনদের পক্ষে কাজ করায় এরইমধ্যে কয়েকজন প্রার্থী নির্বাচন বর্জন করার ঘোষণা দিয়েছে। এই কারচুপি অব্যাহত থাকলে এর দায় দায়িত্ব ক্ষমতাসীনদেরকেই বহন করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন প্রমুখ।[b]
ঢাকা, এমএইচ, ১৯ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম//এসএইচ)[/b]