প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, যদি আপনি ইলিশ মাছ খাওয়া বন্ধ না করে গণতন্ত্র খাওয়া বন্ধ করতেন তাহলে আমরা বেশি খুশি হতাম।

আজ শুক্রবার প্রেসক্লাবের ভি আই পি লাউঞ্জে গণ সংস্কৃতি দলের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, দূনীতিগ্রস্থ লোকদের নিয়ে আন্দোলন সফল করা যাবে না। এক দিকে গণতন্ত্রের কথা বলবেন আবার গণতন্ত্র হত্যাকারীদের সাথে নির্বাচন করবেন, আবার জনগনের সমর্থন নিয়ে আন্দোলন সফল করার আশা করবেন তা কখনো হবে না। না মরে বেহেস্তে যাওয়ার চিন্তা আপনাদের বাদ দিতে হবে।

তিনি আরো বলেন, পদ দেয়ার জন্য রাজপথ থেকে মানুষ না খোঁজার কারণে এখন বিএনপি'র রাজনীতি রাজপথ শুন্য। রাজপথের কর্মীদের দায়িত্ব না দিলে বিএনপি'র সমস্যা দূর করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি ।

গণ সংস্কৃতি দলের উপদেষ্টা ইমতিয়াজ হোসেন চপলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঢাবির সাবেক প্রো ভি.সি আ ফ ম ইউসুফ হায়দার ও অন্যান্য নেতাকর্মীরা।

 

এমআইএস।