নতুনধারা বাংলাদেশ (এনডিবি) এর চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, এভাবে বিদেশী প্রভু ভক্ত হওয়ার রাজনীতি বয়কট করুন। তা না হলে দলের ক্ষতি যা হবার হবে। বাংলাদেশের মানুষ ও মানচিত্র সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে। আর তাই আমাদেরকে বিদেশী প্রভু ভক্ত হওয়ার রাজনীতির বাইরে এসে স্বাধীনতার সত্যিকারের সোনার বাংলাদেশ সৃষ্টিতে ঐক্যবদ্ধ হতে হবে।
রোববার সকালে রাজধানীর তোপখানা রোডস্থ কার্যালয়ের সামনে নতুনধারা বাংলাদেশ-এনডিবি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘নতুন প্রজন্মের রাজনীতি ও কূটনীতি’শীর্ষক আলোচনা সভা ও সমাবেশে সভাপতিত্ব করেন নতুনধারা বাংলাদেশ-এনডিবি’র প্রেসিডিয়াম মেম্বার ও জাতীয় শ্রমিকধারা’র সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা মানিক চক্রবর্তী।
মোমিন মেহেদী আরো বলেন, নতুন প্রজন্ম মনে করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেয়েও অনেক বড় হলো দেশের স্বার্থ, মানুষের স্বার্থ। সেই স্বার্থকে জলাঞ্জলী দিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার শুধুমাত্র দেশ ও মানুষের ক্ষতি-ই করছে না। নিজেদেরও ক্ষতি করছে।
আর ক্ষতির রাজনীতি থেকে বেরিয়ে আসতে তরুণদেরকেই রাখতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা। তা না হলে আজ জমি দিচ্ছি, করিডোর দিচ্ছি, পানি দিচ্ছি কাল আমাদের মানচিত্রটাকেও তারা চেয়ে বসবে। যারা রাজনৈতিক ফায়দা-সমর্থনের নামে একের পর এক স্বার্থ হাসিলের রাস্তায় এগিয়ে চলছে; তারা আর যাই হোক বন্ধু নয় বলেও মন্তব্য করেন তিনি।
এসময় তিনি নরেন্দ্র মোদির বাংলাদেশ আগমন নিছক ভারতের স্বার্থ আদায়ের জন্য; আর শেখ হাসিনার রাজনৈতিক সমর্থনের নামে দেশকে উজার করে ভারতের করতলগত করা বলেও উল্লেখ করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ এনডিবি’র প্রেসিডিয়াম মেম্বার বিশিষ্ট কৃষক নেতা বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব শেখ হাবিব খোকন, ভাইস চেয়ারম্যান এইচ আর শাকিল, যুগ্ম মহাসচিব এড. নীহার মোশারফ,
সাংগঠনিক সম্পাদক ফরহাদুল ইসলাম কামাল, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাহমুদ হাসান তাহের, জাতীয় মহিলাধারা’র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রওশন আরা লিজা, আশিষ কুমার মন্ডল প্রমুখ।
এআর





