ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তাবিথ আউয়ালের নাম শোনা গেলেও তা এখন কিছুটা থমকে গেছে। দলের মধ্যে জোরে-শোরে শোনা যাচ্ছে কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি আসাদুজ্জামান রিপনের নাম।
ঢাকা উত্তরের মেয়র প্রার্থী হিসেবে ২০ দলীয় জোটের পক্ষ থেকে জামায়াত নেতা সেলিম উদ্দীন, বিএনপি নেতা আব্দুস সালাম, রুমিন ফারহানা কিংবা বিজেপির আন্দালিব রহমান পার্থর নাম শোনা গেলেও এগুলো রাজনীতিতে তাদের ব্যক্তিগত পরিচিতি বাড়ানোর কৌশল বলে মনে করছেন বিএনপিসহ ২০ দলীয় জোটের অনেক নেতারা।
জানা গেছে, দলের মধ্যে তাবিথ আউয়াল এবং ড. আসাদুজ্জামান রিপনকে নিয়ে কথা হচ্ছে। তবে প্যারাডাইস পেপারস ইস্যুতে তাবিথ আউয়াল কিছুটা চাপা পড়ায় এগিয়ে রয়েছেন ড. আসাদুজ্জামান রিপন।
শুক্রবার রাতে আসাদুজ্জামান খান রিপনকে ফোন করা হলে তিনি মেয়র প্রার্থী হওয়ার আভাস দিয়ে জানান, গত বুধবার মেয়র পদে নির্বাচনের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে আগ্রহ প্রকাশ করেছি ।
তবে খালেদা জিয়া এ বিষয়ে কী বলেছেন সে বিষয়ে তিনি এখনই কথা বলতে রাজি হননি। ফলে দলের সঙ্কটকালীন সময়ে বিএনপির মুখপাত্রের দায়িত্ব পালনকারী এ নেতাকে ডিএনসিসিতে প্রার্থী করা হবে কিনা তার জন্য শনিবার রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে।
চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের একটি সূত্র মতে, গত বুধবার রাতে খালেদা জিয়ার সঙ্গে রিপনের এ নিয়ে আলাপ হয়েছে। খালেদা জিয়া আজ শনিবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে রিপনকে প্রার্থী করার বিষয়ে নীতিনির্ধারকদের মতামত জানতে চাইবেন।





