জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি ডাঃ শফিকুর রহমান বলেছেন, বর্তমান সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ প্রমাণিত হয়েছে। দেশে বিরাজমান পরিস্থিতির ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। দেশের জনগণ ২০ দলীয় জোটের নেতৃত্বে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছে। জনগণের শান্তিপূর্ণ আন্দোলনে সন্ত্রাসী সরকার দিশেহারা হয়ে পড়েছে।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তিনি।

বিবৃতিতে তিনি বলেন, দেশ ও দেশের মানুষ নিয়ে সরকারের কোনো মাথা ব্যাথা নেই। সরকার ক্ষমতার মোহে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। সরকারের আত্মঘাতী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

শফিকুর রহমান বলেন, সরকার ক্ষমতায় থাকার জন্য নির্বিচারে মানুষ হত্যা করছে। সরকার দেশের মানুষকে সভা-সমাবেশ ও মিছিল করার গণতান্ত্রিক অধিকার এবং ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। বর্তমান সরকার দেশের সাড়ে ১৬ কোটি মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এ সরকারকে দেশের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। দেশের জনগণ সন্ত্রাসী সরকারের পদত্যাগ চায়। এ সরকারের পদত্যাগই বর্তমান সংকট থেকে দেশকে রক্ষা করতে পারে বলে জানান তিনি।

কেএইচ